
চাঁপাইনবাবগঞ্জে দুই সাংবাদিকের ওপর সন্ত্রাসী হামলার প্রতিবাদ ও হামলাকারীদের দ্রুত গ্রেফতারের দাবিতে নাচোলে প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৬ মে) সকাল ১১টার দিকে নাচোল বাসস্ট্যান্ড মোড়ে প্রায় আধাঘণ্টাব্যাপী এ কর্মসূচির আয়োজন করে উপজেলার সাংবাদিক সমাজ।
হামলার শিকার সাংবাদিকরা হলেন চ্যানেল অন ও আমার দেশ পত্রিকার প্রতিনিধি তারেক রহমান এবং মাই টিভির প্রতিনিধি তারেক আজিজ। ঘটনার কয়েকদিন পেরিয়ে গেলেও এখন পর্যন্ত হামলাকারীদের গ্রেফতার করতে না পারায় ক্ষোভ প্রকাশ করেন বক্তারা।
প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন নাচোল উপজেলা প্রেসক্লাবের সভাপতি আঃ সাত্তার, রিপোর্টার্স ইউনিটির সভাপতি ইব্রাহিম, সাংবাদিক অ্যাসোসিয়েশনের সভাপতি শাকিল রেজা, সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম, বরেন্দ্র প্রেসক্লাবের সভাপতি জহরুল ইসলাম, মডেল প্রেসক্লাবের সভাপতি আবুল হোসেনসহ অন্যান্য নেতৃবৃন্দ।
এসময় বিভিন্ন প্রেসক্লাবের প্রিন্ট, ইলেকট্রনিক ও অনলাইন মিডিয়ার সাংবাদিকদের পাশাপাশি সুশীল সমাজের প্রতিনিধিরাও উপস্থিত ছিলেন।
বক্তারা বলেন, সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করা রাষ্ট্রের দায়িত্ব। হামলাকারীরা চিহ্নিত হলেও তাদের গ্রেফতারে বিলম্ব হওয়ায় প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠেছে। তারা অভিযোগ করেন, এ ধরনের হামলা স্বাধীন সাংবাদিকতা ও সত্য প্রকাশের পথে বাধা সৃষ্টি করে।
সমাবেশ থেকে দ্রুত দোষীদের গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানানো হয়। একই সঙ্গে আগামী সাত দিনের মধ্যে হামলাকারীদের গ্রেফতার করা না হলে জেলার পাঁচ উপজেলার সাংবাদিকরা একত্রিত হয়ে চাঁপাইনবাবগঞ্জ পুলিশ সুপারের কার্যালয়ের সামনে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন।
আপনার মতামত লিখুন :