সরকারি পর্যায়ে খাদ্যশস্যের মজুত ছাড়িয়েছে ১৬ লাখ ৯০ হাজার মেট্রিক টন


অনলাইন ডেস্ক প্রকাশের সময় : মে ৬, ২০২৬, ৯:০২ অপরাহ্ণ
সরকারি পর্যায়ে খাদ্যশস্যের মজুত ছাড়িয়েছে ১৬ লাখ ৯০ হাজার মেট্রিক টন

দেশে বর্তমানে সরকারি পর্যায়ে চাল ও গম মিলিয়ে মোট খাদ্যশস্য মজুতের পরিমাণ দাঁড়িয়েছে ১৬ লাখ ৯০ হাজার ৯৪৬ মেট্রিক টন। খাদ্য মন্ত্রণালয়ের ২০২৬ সালের শুরু থেকে মঙ্গলবার (৫ মে) পর্যন্ত সর্বশেষ দৈনিক খাদ্যশস্য পরিস্থিতি সংক্রান্ত প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

প্রতিবেদন অনুযায়ী, বর্তমানে সরকারি গুদামগুলোতে চালের মজুত রয়েছে ১২ লাখ ২৫ হাজার ৮৭ মেট্রিক টন। পাশাপাশি গমের মজুত রয়েছে ৩ লাখ ৪৫ হাজার ১৮৪ মেট্রিক টন এবং ধানের মজুত ২৬৫ মেট্রিক টন।

সব মিলিয়ে গুদামজাত মোট খাদ্যশস্যের পরিমাণ দাঁড়িয়েছে ১৫ লাখ ৭০ হাজার ৪৪৩ মেট্রিক টন। এর সঙ্গে ট্রানজিটে থাকা বা ফ্লোটিং (ভাসমান) মজুত যুক্ত হলে মোট মজুতের পরিমাণ আরও বৃদ্ধি পায়। বর্তমানে ভাসমান মজুতের মধ্যে গম রয়েছে ৯০ হাজার ৬৭২ মেট্রিক টন এবং চাল রয়েছে ২৯ হাজার ৮৩১ মেট্রিক টন।

সবমিলিয়ে দেশে খাদ্যশস্যের মোট মজুত দাঁড়িয়েছে ১৬ লাখ ৯০ হাজার ৯৪৬ মেট্রিক টন। খাদ্য মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন, দেশের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে বর্তমান মজুত সন্তোষজনক অবস্থায় রয়েছে। সাধারণত ১৩ লাখ ৫০ হাজার মেট্রিক টন খাদ্য মজুত থাকলে সেটিকে নিরাপদ মজুত হিসেবে ধরা হয়। সে হিসেবে বর্তমান মজুত নিরাপদ সীমার মধ্যেই রয়েছে বলে জানিয়েছেন তারা।

খাদ্য মন্ত্রণালয়ের সচিব আবু তাহের মো. মাসুদ রানা বলেন, চলতি বোরো মৌসুমে নতুন ধান ও চাল সংগ্রহ কার্যক্রম চলমান থাকায় আগামী দিনগুলোতে খাদ্যশস্যের মজুত আরও বৃদ্ধি পাবে বলে আশা করা হচ্ছে।

তিনি আরও জানান, গত ৩ মে থেকে খাদ্য সংগ্রহ অভিযান শুরু হয়েছে, যা চলবে আগামী ৩১ আগস্ট পর্যন্ত। এ সময় ৫ লাখ মেট্রিক টন ধান, ১২ লাখ মেট্রিক টন চাল, ১ লাখ মেট্রিক টন আতপ চাল এবং ৫০ হাজার মেট্রিক টন গমসহ মোট ১৮ লাখ মেট্রিক টন খাদ্যশস্য সংগ্রহের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। সচিবের মতে, আমদানিসহ সরকারের বিভিন্ন পদক্ষেপের ফলে আগামীতে খাদ্য মজুত আরও বৃদ্ধি পাবে এবং দেশের খাদ্য নিরাপত্তা আরও সুসংহত হবে।