
বগুড়ার নন্দীগ্রাম পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের বৈলগ্রাম এলাকার বাসিন্দা মৃত মধুচন্দ্রের ছেলে শ্রী গোপাল সরকার (৪০) গত এক সপ্তাহ ধরে নিখোঁজ রয়েছেন। পরিবারের সদস্যরা সম্ভাব্য সব স্থানে খোঁজ নিয়েও এখন পর্যন্ত তাঁর কোনো সন্ধান পাননি।
এ ঘটনায় নিখোঁজ ব্যক্তির ছেলে শ্রী গৌরাঙ্গ চন্দ্র গত ৩ মে (রবিবার) নন্দীগ্রাম থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) দায়ের করেন।
জানা গেছে, গত ২৮ এপ্রিল (মঙ্গলবার) বিকেল প্রায় ৫টার দিকে গোপাল সরকার নন্দীগ্রামে যাওয়ার কথা বলে নিজ বাড়ি থেকে বের হন। এরপর থেকে তিনি আর ফিরে আসেননি। পরিবারের পক্ষ থেকে আত্মীয়-স্বজনসহ বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি চালিয়েও কোনো তথ্য পাওয়া যায়নি।
নিখোঁজের স্ত্রী আদরী রানী জানান, ঘটনার দিন থেকে নিরন্তর খোঁজ চালানো হলেও এখনো তাঁর স্বামীর কোনো সন্ধান মেলেনি। তিনি স্বামীকে খুঁজে পেতে সবার সহযোগিতা কামনা করেছেন। গোপাল সরকারের বর্ণনা অনুযায়ী, তাঁর উচ্চতা প্রায় ৫ ফুট, গায়ের রং ফর্সা এবং মুখমণ্ডল লম্বাটে। নিখোঁজের সময় তাঁর পরনে সাদা লুঙ্গি ও সাদা শার্ট ছিল।
এ বিষয়ে নন্দীগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তারিকুল ইসলাম জানান, নিখোঁজ সংক্রান্ত একটি জিডি থানায় নথিভুক্ত হয়েছে এবং বিষয়টি নিয়ে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। কেউ তাঁর সন্ধান পেলে নিকটস্থ থানায় বা পরিবারের সঙ্গে যোগাযোগ করার জন্য অনুরোধ জানিয়েছেন তিনি। যোগাযোগ: ০১৩১০৫২৬২৮৩ (ছেলে, শ্রী গৌরাঙ্গ চন্দ্র)।
আপনার মতামত লিখুন :