
সাতক্ষীরার আশাশুনি উপজেলায় এসএসসি পরীক্ষা কেন্দ্রের অনিয়মের অভিযোগে কেন্দ্র সচিব, ট্যাগ অফিসার ও পরীক্ষা কমিটির এক সদস্যকে দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।
যশোর মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের ৫ মে জারিকৃত এক নির্দেশনার আলোকে এ ব্যবস্থা নেওয়া হয়। সংশ্লিষ্ট স্মারকে দরগাহপুর এস.কে.আর.এস মাধ্যমিক বিদ্যালয় কেন্দ্র (দরগাপুর-২৫৯)-এ বিভিন্ন অনিয়মের অভিযোগ উঠে আসে।
অভিযোগে বলা হয়, পরীক্ষার সঙ্গে সংশ্লিষ্ট নন এমন ব্যক্তিদের অবাধ প্রবেশ, পছন্দমতো শিক্ষককে কক্ষ পরিদর্শকের দায়িত্ব প্রদান এবং এক পরীক্ষার্থীকে অনৈতিক সুবিধা দেওয়ার ঘটনা ঘটে। এছাড়া ট্যাগ অফিসার পরীক্ষাকক্ষে প্রবেশ করে শিক্ষার্থীদের উত্তরপত্র নিয়ে দীর্ঘ সময় আটকে রাখেন এবং ভীতিকর পরিস্থিতি সৃষ্টি করেন বলেও অভিযোগ রয়েছে। একই সঙ্গে কমিটির এক সদস্য প্রশ্নপত্র বাইরে নিয়ে সমাধানের চেষ্টা করলে ভিজিল্যান্স টিমের কাছে ধরা পড়ে পালিয়ে যান।
এসব ঘটনার প্রেক্ষিতে কেন্দ্র সচিব গৌরপদ মন্ডল, ট্যাগ অফিসার সহকারী উপজেলা শিক্ষা অফিসার ঝংকর ঢালী এবং কমিটির সদস্য রাখিদুল ইসলামকে সকল দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা শ্যামানন্দ কুন্ডু বোর্ডের নির্দেশনা অনুযায়ী ৬ মে এ সংক্রান্ত আদেশ জারি করেন। একইসঙ্গে সহকারী অধ্যাপক জি এম আনোয়ারুল ইসলামকে নতুন কেন্দ্র সচিব হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে। সংশ্লিষ্টরা জানান, পরীক্ষা কার্যক্রম সুষ্ঠুভাবে পরিচালনা নিশ্চিত করতে এ পদক্ষেপ গ্রহণ করা হয়েছে।
আপনার মতামত লিখুন :