
দেশের অন্তত ৮টি জেলার ওপর দিয়ে আজ বিকেলের মধ্যে বজ্রবৃষ্টিসহ শক্তিশালী কালবৈশাখী ঝড় বয়ে যেতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
বুধবার (৬ মে) আবহাওয়া অধিদপ্তরের ঝড় সতর্কীকরণ কেন্দ্র থেকে দেওয়া এক পূর্বাভাসে এ তথ্য জানানো হয়।
পূর্বাভাসে বলা হয়েছে, নওগাঁ, রংপুর, জয়পুরহাট, চাঁপাইনবাবগঞ্জ, রাজশাহী, নাটোর, বগুড়া ও সিরাজগঞ্জ জেলার কিছু এলাকায় বিকেল ৩টার মধ্যে অস্থায়ীভাবে দমকা বা ঝড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টি হতে পারে। এতে কোথাও কোথাও কালবৈশাখীর তীব্রতা বেশি থাকতে পারে বলেও আশঙ্কা করা হচ্ছে।
এ পরিস্থিতিতে বজ্রপাতের সময় অপ্রয়োজনে ঘরের বাইরে না যাওয়ার জন্য সাধারণ মানুষকে বিশেষভাবে সতর্ক থাকার পরামর্শ দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। পাশাপাশি খোলা জায়গা, গাছের নিচে ও বিদ্যুতের খুঁটির কাছ থেকে দূরে থাকারও আহ্বান জানানো হয়েছে।
এদিকে, আবহাওয়া অধিদপ্তরের আজ সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার পূর্বাভাসে জানানো হয়েছে, রংপুর, রাজশাহী, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কিছু কিছু স্থানে এবং ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের দু–একটি জায়গায় অস্থায়ীভাবে দমকা বা ঝড়ো হাওয়াসহ বিদ্যুৎ চমকানো এবং হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে।
আবহাওয়াবিদরা জানিয়েছেন, মৌসুমি বৈশিষ্ট্যের প্রভাবে এই সময়ে এমন আবহাওয়া তৈরি হচ্ছে। এতে দিনের তাপমাত্রা কিছুটা কমলেও হঠাৎ ঝড়-বৃষ্টি ও বজ্রপাতের ঝুঁকি বাড়তে পারে। সাধারণ মানুষকে আবহাওয়ার হালনাগাদ তথ্য অনুসরণ করে চলাচলে সতর্কতা অবলম্বনের আহ্বান জানানো হয়েছে।
আপনার মতামত লিখুন :