হরমুজ প্রণালী এড়িয়ে সৌদি আরব থেকে ১ লাখ ৩৯৫ টন অপরিশোধিত জ্বালানি তেল (ক্রুড অয়েল) নিয়ে আসা ট্যাংকার জাহাজ ‘এমটি নিনেমিয়া’ কুতুবদিয়া অ্যাংকরে পৌঁছেছে। মধ্যপ্রাচ্যে যুদ্ধ শুরুর পর এটিই প্রথম বড় আকারের ক্রুড অয়েল চালান হিসেবে দেশে পৌঁছাল।
বুধবার (৬ মে) সকালে জাহাজটি কুতুবদিয়া বন্দরের নোঙরে এসে পৌঁছায়। জানা যায়, জাহাজটি ২১ এপ্রিল সকাল ৬টায় সৌদি আরব থেকে যাত্রা শুরু করে। এটি ৯ মে বন্দরে ভিড়বে এবং ১০ মে লোডিং কার্যক্রম শেষে পুনরায় বাংলাদেশের উদ্দেশ্যে যাত্রা শুরু করবে।
এর আগে মঙ্গলবার (৫ মে) বিকালে ইস্টার্ন রিফাইনারির ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী শরীফ হাসনাত জানান, ‘এমটি নিনেমিয়া’ তখন বাংলাদেশ জলসীমার ১৬০ নটিক্যাল মাইল দূরে অবস্থান করছিল। পরবর্তীতে এটি কুতুবদিয়ায় নোঙর করে এবং প্রয়োজনীয় লাইটারিং কার্যক্রমের প্রস্তুতি নেওয়া হয়।
তিনি বলেন, আগে থেকেই দুটি লাইটারিং জাহাজ কুতুবদিয়ায় অবস্থান করছে। সব ধরনের আনুষ্ঠানিকতা শেষ করে বুধবার থেকেই তেল খালাসের কাজ শুরু করার প্রস্তুতি নেওয়া হয়েছে। এতে করে বৃহস্পতিবার (৭ মে) বন্ধ থাকা ইস্টার্ন রিফাইনারির প্ল্যান্ট পুনরায় চালু করার আশা করা হচ্ছে।
এছাড়া ফুজাইরা থেকে আরও এক লাখ টন ক্রুড অয়েল আনার জন্য ‘এমটি ফসিল’ নামে আরেকটি জাহাজ বর্তমানে ফুজাইরার পথে রয়েছে। সেটি ১১ মে বাংলাদেশের উদ্দেশ্যে যাত্রা শুরু করবে বলে জানা গেছে।
বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশনের (বিপিসি) অধীন রাষ্ট্রায়ত্ত একমাত্র রিফাইনারি ইস্টার্ন রিফাইনারি লিমিটেড (ইআরএল) বছরে প্রায় ১৫ লাখ টন অপরিশোধিত তেল পরিশোধন করে, যা দেশের মোট বার্ষিক জ্বালানি তেল চাহিদার প্রায় ২০ শতাংশ পূরণ করে।
সরকারি পতাকাবাহী প্রতিষ্ঠান বিএসসি এসব ক্রুড অয়েল পরিবহনের দায়িত্বে রয়েছে। আন্তর্জাতিক পরিস্থিতি বিবেচনায় বিকল্প রুট ব্যবহার করে জ্বালানি সরবরাহ নিশ্চিত করার উদ্যোগ নেওয়া হচ্ছে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।
আপনার মতামত লিখুন :