আগামী পাঁচ বছরের মধ্যে সৌরবিদ্যুৎ উৎপাদন ৫ হাজার মেগাওয়াটে উন্নীত করার লক্ষ্যে সরকারি অফিসগুলোর ছাদে সোলার প্যানেল স্থাপনের নির্দেশনা দেওয়া হয়েছে বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু। মঙ্গলবার (৫ মে) দুপুরে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তন-এ বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় সম্পর্কিত কার্য-অধিবেশন শেষে তিনি এ তথ্য জানান।
মন্ত্রী বলেন, অতি দ্রুত সৌরবিদ্যুতের মাধ্যমে আগামী পাঁচ বছরে ন্যূনতম ৫ হাজার মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের পরিকল্পনা নেওয়া হয়েছে। এ লক্ষ্য বাস্তবায়নের অংশ হিসেবে সব জেলা প্রশাসকের কার্যালয়সহ সরকারি বিভিন্ন দপ্তরের ছাদে সোলার প্যানেল বসানোর নির্দেশ দেওয়া হয়েছে।
তিনি আরও জানান, জেলা প্রশাসকদের অফিসে সোলার প্যানেল স্থাপনের জন্য প্রয়োজনীয় অর্থ সরবরাহ করা হয়েছে। আগামী দুই থেকে তিন মাসের মধ্যে এই কার্যক্রম সম্পন্ন করার নির্দেশ দেওয়া হয়েছে।
ইকবাল হাসান মাহমুদ টুকু বলেন, এই উদ্যোগ বাস্তবায়িত হলে বিদ্যুৎ খাতে উল্লেখযোগ্য সাশ্রয় হবে এবং নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার বাড়বে। তিনি আশা প্রকাশ করেন, সংশ্লিষ্ট কর্তৃপক্ষ দ্রুতই কাজ শুরু করবে।
তিনি আরও বলেন, সম্প্রতি যে কৃত্রিম বিদ্যুৎ ও জ্বালানি সংকটের পরিস্থিতি তৈরি হয়েছিল, তা মোকাবিলায় জেলা প্রশাসকরা গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। তাদের সহযোগিতার কারণে পরিস্থিতি স্বাভাবিক করা সম্ভব হয়েছে। মন্ত্রী জেলা প্রশাসকদের ধন্যবাদ জানিয়ে বলেন, ভবিষ্যতেও বিদ্যুৎ ও জ্বালানি খাতে টেকসই উন্নয়ন নিশ্চিত করতে প্রশাসনের সক্রিয় সহযোগিতা প্রয়োজন।
আপনার মতামত লিখুন :