সেনাবাহিনীর প্রতি জনগণের আস্থা আরও সুদৃঢ় হয়েছে: সেনাপ্রধান


অনলাইন ডেস্ক প্রকাশের সময় : মে ৬, ২০২৬, ১২:১৬ অপরাহ্ণ
সেনাবাহিনীর প্রতি জনগণের আস্থা আরও সুদৃঢ় হয়েছে: সেনাপ্রধান

সেনাবাহিনীর প্রতি জনগণের আস্থা আরও সুদৃঢ় হয়েছে বলে মন্তব্য করেছেন সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান। তিনি বলেন, দেশের ইতিহাসে এত চমৎকার নির্বাচন আগে কখনো হয়নি। সামরিক ও অসামরিক প্রশাসন একসঙ্গে কাজ করলে যেকোনো কঠিন কাজও সফলভাবে সম্পন্ন করা সম্ভব, সাম্প্রতিক নির্বাচন তারই প্রমাণ।

মঙ্গলবার (৫ মে) রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে জেলা প্রশাসক (ডিসি) সম্মেলনে বক্তব্য দিতে গিয়ে তিনি এসব কথা বলেন। এর আগে নৌবাহিনী ও বিমানবাহিনীর প্রধান এবং প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টাও সম্মেলনে বক্তব্য দেন।

সেনাপ্রধান বলেন, “আমি আপনাদের ধন্যবাদ ও অভিনন্দন জানাচ্ছি। আপনারা জাতিকে একটি চমৎকার নির্বাচন উপহার দিয়েছেন। আমরা পাশে ছিলাম, তবে নির্বাচন আয়োজনের দায়িত্ব পুরোপুরি আপনাদের ওপরই ছিল।” তিনি আরও বলেন, একসময় দেশে অনিশ্চয়তার পরিস্থিতি তৈরি হয়েছিল এবং অনেকেই বলেছিলেন নির্বাচন সম্ভব হবে না। কিন্তু সেই ধারণাকে ভুল প্রমাণ করে দেশ একটি গণতান্ত্রিক প্রক্রিয়ায় ফিরেছে, যা একটি বড় অর্জন।

ডিসিদের উদ্দেশে জেনারেল ওয়াকার-উজ-জামান বলেন, যেকোনো প্রয়োজনে সেনাবাহিনীর সহায়তা দ্রুত পাওয়া যাবে। দুর্যোগ, দুর্ঘটনা বা অন্য যেকোনো পরিস্থিতিতে সেনা ফরমেশনকে জানালে তাৎক্ষণিকভাবে সহযোগিতা করা হবে।

তিনি আরও বলেন, সিভিল প্রশাসনের সঙ্গে সমন্বিতভাবে দায়িত্ব পালনের ফলে সেনাবাহিনীর প্রতি জনগণের আস্থা আরও বৃদ্ধি পেয়েছে। ভবিষ্যতেও এই সহযোগিতা অব্যাহত থাকবে বলে তিনি আশা প্রকাশ করেন।

আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) জানায়, সম্মেলনে সামরিক ও সিভিল প্রশাসনের শক্তিশালী উপস্থিতি ও পারস্পরিক সমন্বয় ভবিষ্যতে আরও কার্যকর সহযোগিতার পথ প্রশস্ত করবে। বর্তমান সরকারের নেতৃত্বে একটি নিরাপদ, সমৃদ্ধ ও উন্নত বাংলাদেশ গঠনে এ সমন্বিত উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলেও উল্লেখ করা হয়।

উল্লেখ্য, ৩ মে রাজধানীতে চার দিনব্যাপী জেলা প্রশাসক সম্মেলনের উদ্বোধন করেন সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।