
চট্টগ্রামের সাতকানিয়া উপজেলায় উত্তম কৃষি চর্চা (GAP) অনুসরণ করে নিরাপদ, টেকসই ও মানসম্মত খাদ্য উৎপাদন বাড়াতে একটি কৃষি কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (৬ মে) উপজেলার কেরানিহাট এলাকার ‘সী ওয়ার্ল্ড হোটেল অ্যান্ড রিসোর্ট’-এ ব্র্যাক সিড অ্যান্ড অ্যাগ্রো এ কর্মশালার আয়োজন করে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্র্যাক সিড অ্যান্ড অ্যাগ্রোর প্রোডাক্ট ম্যানেজার (সবজি) কৃষিবিদ আব্দুল্লাহ আল মাসুদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম রিজিওনাল সেলস ম্যানেজার মো. সোহেল সিকদার, রিজিওনাল ম্যানেজার (প্রগতি) আব্দুল আহাদ, এরিয়া ম্যানেজার (প্রগতি) মো. মনির হোসেন এবং চন্দনাইশ টেরিটরি সেলস অফিসার মো. সোহেল রানা।
কর্মশালায় বক্তারা আধুনিক পদ্ধতিতে সবজি চাষ, উন্নতমানের বীজ ব্যবহার এবং পরিবেশবান্ধব কৃষি প্রযুক্তির গুরুত্ব তুলে ধরেন। প্রধান অতিথি বলেন, ক্রমবর্ধমান জনসংখ্যার খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে নিরাপদ ও মানসম্মত খাদ্য উৎপাদন অপরিহার্য।
এ সময় বায়োপেস্টিসাইড (জৈব বালাইনাশক), উন্নত জাতের ধান ও ভুট্টার বীজ এবং গুণগত মানসম্পন্ন সারের ব্যবহার নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। কৃষকদের পরিবেশবান্ধব পদ্ধতি অনুসরণের ওপর গুরুত্বারোপ করা হয়।
কর্মশালায় সাতকানিয়া ও আশপাশের এলাকার বিপুল সংখ্যক ডিলার ও রিটেইলার অংশ নেন। তারা ভবিষ্যতে কৃষি উন্নয়নে আধুনিক প্রযুক্তি ও মানসম্মত উপকরণ ব্যবহারের প্রতিশ্রুতি ব্যক্ত করেন।
শেষে গত আমন মৌসুমে লক্ষ্যমাত্রা অর্জনকারী সফল ডিলার ও রিটেইলারদের মাঝে পুরস্কার ও উপহার সামগ্রী বিতরণ করা হয়। সংশ্লিষ্টরা মনে করছেন, এ ধরনের উদ্যোগ স্থানীয় পর্যায়ে টেকসই কৃষি ব্যবস্থা গড়ে তুলতে সহায়ক ভূমিকা রাখবে।
আপনার মতামত লিখুন :