চট্টগ্রামের সাতকানিয়া উপজেলায় অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশে আচার উৎপাদনের অভিযোগে ‘ইয়াম্মি ফুড প্রোডাক্ট’ নামে একটি প্রতিষ্ঠানকে ৫০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
বুধবার (৬ মে) দুপুর ১২টায় উপজেলার ঢেমশা ইউনিয়নের ১নং ওয়ার্ডের নাপিতেরচর এলাকায় এ অভিযান পরিচালিত হয়। এনএসআই-এর গোপন সংবাদের ভিত্তিতে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) খন্দকার মাহমুদুল হাসান অভিযানে নেতৃত্ব দেন।
অভিযানে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর ৫২ ও ৫৩ ধারায় প্রতিষ্ঠানটির মালিককে জরিমানা করা হয়। একই সঙ্গে প্রায় ২৫০ কার্টন ভেজাল আচার জব্দ করা হয় এবং উৎপাদনে ব্যবহৃত মেশিনারি ও বিপুল পরিমাণ অস্বাস্থ্যকর সরঞ্জাম জনসমক্ষে ধ্বংস করা হয়।
এছাড়া পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত কারখানাটির সকল ধরনের উৎপাদন ও ব্যবসায়িক কার্যক্রম বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে। উপজেলা প্রশাসন জানায়, জনস্বাস্থ্যের জন্য ঝুঁকিপূর্ণ এমন অবৈধ ও ভেজালবিরোধী কার্যক্রমের বিরুদ্ধে নিয়মিত অভিযান অব্যাহত থাকবে।
আপনার মতামত লিখুন :