শপথ নিলেন এনসিপির নুসরাত তাবাসসুম


অনলাইন ডেস্ক প্রকাশের সময় : মে ৬, ২০২৬, ১:৩০ অপরাহ্ণ
শপথ নিলেন এনসিপির নুসরাত তাবাসসুম

ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের নির্বাচনে জামায়াত জোটের প্রার্থী ও এনসিপি নেত্রী নুসরাত তাবাসসুম নবনির্বাচিত সংসদ সদস্য হিসেবে শপথ গ্রহণ করেছেন।

বুধবার (৬ মে) দুপুর ১২টার পর তিনি জাতীয় সংসদ ভবনে শপথ নেন। সংসদ সচিবালয় সূত্রে এ তথ্য জানা গেছে। সংসদ ভবনের নিজ কার্যালয়ে তার শপথ বাক্য পাঠ করান জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ।

শপথ অনুষ্ঠানটি সংসদ সচিবালয়ের সচিব ব্যারিস্টার মো. গোলাম সরওয়ার ভুঁইয়ার সঞ্চালনায় স্পিকারের কার্যালয়ে সম্পন্ন হয়। শপথ গ্রহণ শেষে রীতি অনুযায়ী তিনি সংসদ সচিবের কক্ষে শপথ বইয়ে স্বাক্ষর করেন।

এ সময় অনুষ্ঠানে ডেপুটি স্পিকার, বিরোধী দলের চিফ হুইপ এবং সংসদ সচিবালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

জানা যায়, সংরক্ষিত নারী আসনের মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ সময় ছিল ২১ এপ্রিল বিকেল ৪টা পর্যন্ত। তবে নুসরাত তাবাসসুম বিকেল ৪টা ১৯ মিনিটে মনোনয়নপত্র জমা দেন। নির্ধারিত সময় অতিক্রম করায় প্রথমে নির্বাচন কমিশন (ইসি) তার মনোনয়নপত্র গ্রহণ করেনি।

পরবর্তীতে তিনি বিষয়টি নিয়ে উচ্চ আদালতের দ্বারস্থ হন। আদালত নির্বাচন কমিশনকে তার মনোনয়নপত্র গ্রহণ করে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন। এরপর ইসি তার মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে বৈধ ঘোষণা করে গেজেট প্রকাশ করে সব আইনি ও প্রশাসনিক প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পর তিনি এখন আনুষ্ঠানিকভাবে সংসদ সদস্য হিসেবে শপথ গ্রহণ করলেন।