
ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের সদস্য হিসেবে শপথ গ্রহণ করতে জাতীয় সংসদে প্রবেশ করেছেন জামায়াত জোটের প্রার্থী ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুগ্ম আহ্বায়ক নুসরাত তাবাসসুম।
বুধবার (৬ মে) সকাল ১১টা ১৫ মিনিটে তিনি সংসদ ভবনে প্রবেশ করেন। সংসদ সচিবালয় সূত্রে জানা গেছে, দুপুর ১২টায় তিনি আনুষ্ঠানিকভাবে শপথ গ্রহণ করবেন। সংসদ ভবনের নিজ কার্যালয়ে তার শপথ বাক্য পাঠ করাবেন জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ।
জানা যায়, সংরক্ষিত নারী আসনে মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ সময় ছিল ২১ এপ্রিল বিকেল ৪টা পর্যন্ত। তবে নুসরাত তাবাসসুম নির্ধারিত সময়ের ১৯ মিনিট পর, বিকেল ৪টা ১৯ মিনিটে মনোনয়নপত্র জমা দেন। সময়সীমা অতিক্রম করায় শুরুতে নির্বাচন কমিশন তার মনোনয়নপত্র গ্রহণ করেনি।
পরবর্তীতে তিনি বিষয়টি নিয়ে আদালতের দ্বারস্থ হন। আদালত নির্বাচন কমিশনকে তার মনোনয়নপত্র গ্রহণ করে আইনানুগ ব্যবস্থা নিতে নির্দেশ দেন। আদালতের নির্দেশনা অনুযায়ী নির্বাচন কমিশন তার মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে বৈধ ঘোষণা করে এবং গেজেট প্রকাশ করে।
সব আনুষ্ঠানিকতা সম্পন্ন হওয়ার পর তিনি এখন সংসদ সদস্য হিসেবে শপথ গ্রহণের মাধ্যমে জাতীয় সংসদের কার্যক্রমে যুক্ত হতে যাচ্ছেন। তার শপথ গ্রহণকে কেন্দ্র করে সংসদ এলাকায় প্রশাসনিক প্রস্তুতি নেওয়া হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।
আপনার মতামত লিখুন :