
নাটোরের লালপুর উপজেলায় নসিমন গাড়ির ধাক্কায় মুক্তার হোসেন (৬০) নামের এক ভ্যানচালকের মৃত্যু হয়েছে। বুধবার (৬ মে) সকাল ৭টার দিকে উপজেলার আব্দুলপুর কলোনিপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত মুক্তার হোসেন উপজেলার চংধুপইল ইউনিয়নের গোসাইপুর গ্রামের মৃত ইয়াদ প্রামাণিকের ছেলে।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, সকালে আব্দুলপুর বাজার থেকে ভ্যান নিয়ে বাড়ির পথে রওনা হন তিনি। হান্নানের মোড় এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি নসিমন ভ্যানটিকে সজোরে ধাক্কা দেয়। এতে তিনি রাস্তায় ছিটকে পড়ে গুরুতর আহত হন।
স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে লালপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। অবস্থার অবনতি হলে চিকিৎসকরা তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তরের পরামর্শ দেন।
পরে উন্নত চিকিৎসার জন্য নেওয়ার পথে তিনি মারা যান। লালপুর থানার অফিসার ইনচার্জ জানান, এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
আপনার মতামত লিখুন :