মেট্রোরেলের রাতের যাত্রীদের জন্য সুসংবাদ


অনলাইন ডেস্ক প্রকাশের সময় : মে ৬, ২০২৬, ৫:২৮ অপরাহ্ণ
মেট্রোরেলের রাতের যাত্রীদের জন্য সুসংবাদ

ঢাকার মেট্রোরেলের চলাচলের সময় আরও বাড়ানোর উদ্যোগ নিয়েছে কর্তৃপক্ষ। পরিকল্পনা অনুযায়ী রাতে ট্রেন চলাচলের সময় আরও ৪০ থেকে ৫০ মিনিট পর্যন্ত বাড়ানো হতে পারে। এজন্য বর্তমানে নিরীক্ষা ও পরীক্ষামূলক চলাচল চালানো হচ্ছে। পরীক্ষা-নিরীক্ষা শেষ হলে আনুষ্ঠানিকভাবে নতুন সময়সূচি ঘোষণা করা হবে।

ঢাকা মাস ট্রানজিট কোম্পানি লিমিটেড সূত্রে জানা গেছে, চলতি মে মাসের শেষ দিকে অথবা ঈদুল আজহার পর নতুন সূচি কার্যকর হতে পারে। নতুন পরিকল্পনায় ট্রেন চলাচলের ফ্রিকোয়েন্সিও বাড়ানোর উদ্যোগ নেওয়া হয়েছে। বর্তমানে যেখানে পাঁচ মিনিট পরপর ট্রেন চলছে, সেখানে সময় কমিয়ে সাড়ে চার মিনিট করার প্রস্তাব রয়েছে।

প্রস্তাবিত নতুন সময়সূচি অনুযায়ী, মতিঝিল থেকে উত্তরাগামী শেষ ট্রেন রাত ১১টা পর্যন্ত চলতে পারে। বর্তমানে এই রুটে শেষ ট্রেন ছাড়ে রাত ১০টা ১০ মিনিটে। একইভাবে উত্তরা থেকে মতিঝিলগামী শেষ ট্রেনও রাত ১১টা পর্যন্ত চলাচলের পরিকল্পনা রয়েছে, যেখানে বর্তমানে শেষ ট্রেন ছাড়ে রাত সাড়ে ৯টায়।

বর্তমানে উত্তরা থেকে দিনের প্রথম ট্রেন সকাল সাড়ে ৬টায় এবং মতিঝিল থেকে প্রথম ট্রেন সকাল সোয়া ৭টায় ছেড়ে যায়। তবে সকালের সময়সূচিতে আপাতত কোনো পরিবর্তনের সিদ্ধান্ত হয়নি বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

এর আগে গত বছর অক্টোবর মাসে একবার সময়সূচি বাড়ানো হয়েছিল, যেখানে সকাল ও রাতে আধা ঘণ্টা করে সময় বৃদ্ধি করা হয়। বর্তমানে প্রতিদিন গড়ে ২৯৭টি ট্রিপ পরিচালিত হচ্ছে। নতুন সূচি কার্যকর হলে ট্রিপের সংখ্যা আরও বাড়বে বলে ধারণা করা হচ্ছে।

যাত্রীচাপ সামাল দিতে ট্রেন চলাচলের ব্যবধান কমানোর পরিকল্পনাও রয়েছে। বর্তমানে ব্যস্ত সময়ে পাঁচ মিনিট পরপর ট্রেন চললেও তা কমিয়ে সাড়ে চার মিনিট করা হতে পারে। পাশাপাশি বর্তমানে ২৪ সেট ট্রেনের মধ্যে পিক আওয়ারে ১২ সেট চালু থাকে, যা বাড়িয়ে ১৪ সেট করার প্রস্তুতি চলছে।

সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন, প্রযুক্তিগতভাবে সাড়ে তিন মিনিট পরপর ট্রেন চালানোর সক্ষমতা রয়েছে। তবে জনবল ও পরিচালনগত প্রস্তুতির কারণে ধাপে ধাপে সময় বাড়ানো হচ্ছে।

ডিএমটিসিএলের পরিচালক (অপারেশন অ্যান্ড মেইনটেন্যান্স) মো. নজরুল ইসলাম বলেন, রাতের সময় দুই দিক থেকেই চলাচল বাড়ানোর পরীক্ষা চলছে। চূড়ান্ত সিদ্ধান্ত নেবে সড়ক পরিবহন মন্ত্রণালয়।

উল্লেখ্য, ২০২২ সালের ২৮ ডিসেম্বর ঢাকায় মেট্রোরেল চালু হয়। প্রথমে উত্তরা থেকে আগারগাঁও পর্যন্ত সীমিত চলাচল শুরু হলেও পরে ধাপে ধাপে সম্প্রসারণ করে ২০২৩ সালের শেষ দিকে মতিঝিল পর্যন্ত পূর্ণাঙ্গ রুটে যাত্রীসেবা চালু করা হয়।