মিরপুরের চিথলিয়া ও ধুবইলে খাল পুনঃখনন কর্মসূচির উদ্বোধন


মিরপুর উপজেলা প্রতিনিধি,আশিক প্রকাশের সময় : মে ৬, ২০২৬, ৬:১৬ অপরাহ্ণ
মিরপুরের চিথলিয়া ও ধুবইলে খাল পুনঃখনন কর্মসূচির উদ্বোধন

কুষ্টিয়ার মিরপুর উপজেলায় জলাবদ্ধতা নিরসন ও সেচ ব্যবস্থার উন্নয়নে খাল পুনঃখনন কর্মসূচির উদ্বোধন করা হয়েছে।

উপজেলা প্রশাসনের উদ্যোগে এবং দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের বাস্তবায়নে বুধবার সকালে ধুবইল ও চিথলিয়া ইউনিয়নে এ খাল খনন কাজের উদ্বোধন করা হয়। এটি দেশের নদী-নালা ও খাল পুনঃখননের জাতীয় কর্মসূচির অংশ হিসেবে বাস্তবায়িত হচ্ছে।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আরাফাত আমান আজিজ। তিনি বলেন, খাল খননের মাধ্যমে জলাবদ্ধতা নিরসন, সেচ ব্যবস্থার সম্প্রসারণ এবং স্থানীয় পর্যায়ে কর্মসংস্থান সৃষ্টি হবে। সরকারের উন্নয়ন পরিকল্পনার অংশ হিসেবে আগামী পাঁচ বছরে ব্যাপক পরিসরে খাল খনন কার্যক্রম বাস্তবায়ন করা হবে বলে তিনি উল্লেখ করেন।

অনুষ্ঠানে উপজেলা বিএনপির সভাপতি আশরাফুজ্জামান শাহিন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ঈশিতা আক্তার, মিরপুর থানার ওসি শহিদুল ইসলাম, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মাহফুজুর রহমানসহ স্থানীয় প্রশাসনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

জানা যায়, ধুবইল ইউনিয়নে ১ হাজার ৬৮০ মিটার এবং চিথলিয়া ইউনিয়নে প্রায় ১ কিলোমিটার খাল পুনঃখনন করা হবে। সংশ্লিষ্টরা মনে করছেন, এ উদ্যোগ কৃষি উৎপাদন বৃদ্ধি ও পরিবেশ উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।