ভারতের মহারাজা সায়াজিরাও ইউনিভার্সিটি অব বরোদার সমাজবিজ্ঞান বিভাগে যুক্ত হয়েছে বেশ কিছু নতুন পাঠ্যক্রম, যেখানে সমসাময়িক সামাজিক ও রাজনৈতিক বিষয়গুলো সরাসরি শ্রেণিকক্ষে পড়ানো হবে। বিশ্ববিদ্যালয়ের বোর্ড অব স্টাডিজ ইতোমধ্যে এসব নতুন কোর্সের অনুমোদন দিয়েছে।
নতুন পাঠ্যক্রমে সবচেয়ে বেশি আলোচনা তৈরি করেছে ‘মোদি-তত্ত্ব’ এবং রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ (আরএসএস)-এর আদর্শ নিয়ে তৈরি কোর্স। এসব বিষয়কে সমাজবিজ্ঞানের আওতায় অন্তর্ভুক্ত করাকে একটি বড় পরিবর্তন হিসেবে দেখা হচ্ছে।
‘মোদি-তত্ত্ব’ কোর্সে মূলত ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ব্যক্তিত্ব, নেতৃত্বের ধরন এবং শাসনব্যবস্থা নিয়ে পড়ানো হবে। শিক্ষার্থীরা সমাজবিজ্ঞানের দৃষ্টিকোণ থেকে তার কাজের ধরন, যোগাযোগ কৌশল এবং বিভিন্ন নীতির প্রভাব বিশ্লেষণ করবেন। একই সঙ্গে ‘মেক ইন ইন্ডিয়া’-এর মতো উদ্যোগ এবং সেগুলোর সামাজিক প্রভাব নিয়েও আলোচনা থাকবে।
অন্যদিকে আরএসএস নিয়ে পৃথকভাবে বিস্তৃত অধ্যয়ন অন্তর্ভুক্ত করা হয়েছে। এই অংশে সংগঠনটির উৎপত্তি, ইতিহাস এবং ভারতের সামাজিক-সাংস্কৃতিক প্রেক্ষাপটে এর ভূমিকা বিশ্লেষণ করা হবে। পাশাপাশি সাংস্কৃতিক জাতীয়তাবাদ, পরিবেশ সংরক্ষণ এবং স্বাধীনতা আন্দোলনে সংগঠনটির ভূমিকা নিয়েও পাঠ দেওয়া হবে।
পাঠ্যক্রমে আরও চারটি নতুন কোর্স অনুমোদন দেওয়া হয়েছে, যেখানে ভারতের সামাজিক ও বুদ্ধিবৃত্তিক ঐতিহ্য নিয়ে শিক্ষার্থীদের ধারণা আরও গভীর করার লক্ষ্য নেওয়া হয়েছে।
‘অগ্রগামী ব্যক্তিত্ব’ শিরোনামের অংশে বিনায়ক দামোদর সাভারকর, শ্রী অরবিন্দ এবং বি আর আম্বেদকরের দর্শন পড়ানো হবে। পাশাপাশি ছত্রপতি শিবাজি মহারাজ এবং তৃতীয় সায়াজিরাও গায়কোয়াড়ের শাসনব্যবস্থা ও সংস্কার কার্যক্রম নিয়েও আলোচনা থাকবে। আর ‘জাতীয়তাবাদ’ শীর্ষক অংশে জাতি ও রাষ্ট্র ধারণা নিয়ে শিক্ষার্থীদের পাঠদান করা হবে।
বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগের প্রধান ড. বীরেন্দ্রসিং জানান, বর্তমান সামাজিক ও রাজনৈতিক বাস্তবতা আরও ভালোভাবে বোঝার জন্যই এই পরিবর্তন আনা হয়েছে। তাঁর মতে, সরকারি নীতি-নির্ধারণী প্রতিষ্ঠানের সঙ্গে গবেষণার অভিজ্ঞতা শিক্ষার্থীদের শাসনব্যবস্থার প্রতি আগ্রহ বাড়িয়েছে, তাই পাঠ্যক্রমে এসব বিষয় অন্তর্ভুক্ত করা হয়েছে।
বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ মনে করছে, এই নতুন কোর্সগুলো সমাজবিজ্ঞানের সঙ্গে বাস্তব বিশ্বের সংযোগ আরও শক্তিশালী করবে এবং শিক্ষার্থীদের বিশ্লেষণী সক্ষমতা বাড়াবে।
আপনার মতামত লিখুন :