বৈদ্যুতিক ও হাইব্রিড গাড়ি কেনায় সুখবর দিলো কেন্দ্রীয় ব্যাংক


অনলাইন ডেস্ক প্রকাশের সময় : মে ৬, ২০২৬, ৩:৫৯ অপরাহ্ণ
বৈদ্যুতিক ও হাইব্রিড গাড়ি কেনায় সুখবর দিলো কেন্দ্রীয় ব্যাংক

দেশে পরিবেশবান্ধব যানবাহনের ব্যবহার বাড়াতে নতুন ঋণ সুবিধা চালু করেছে বাংলাদেশ ব্যাংক। নতুন নির্দেশনা অনুযায়ী এখন বৈদ্যুতিক ও হাইব্রিড গাড়ি কেনার ক্ষেত্রে ব্যাংক থেকে সর্বোচ্চ ৮০ লাখ টাকা পর্যন্ত অটো লোন নেওয়া যাবে। একই সঙ্গে প্রচলিত জ্বালানি চালিত গাড়ির ক্ষেত্রেও ঋণসীমা ও শর্তে পরিবর্তন আনা হয়েছে।

মঙ্গলবার (৫ মে) কেন্দ্রীয় ব্যাংক এ সংক্রান্ত একটি সার্কুলার জারি করে দেশের সব তফসিলি ব্যাংকের কাছে পাঠিয়েছে।

সার্কুলারে বলা হয়, সাধারণভাবে জ্বালানি চালিত গাড়ির ক্ষেত্রে একজন ব্যক্তি সর্বোচ্চ ৬০ লাখ টাকা পর্যন্ত অটো লোন নিতে পারবেন। তবে পরিবেশবান্ধব বৈদ্যুতিক ও হাইব্রিড গাড়ির জন্য এই সীমা বাড়িয়ে ৮০ লাখ টাকা নির্ধারণ করা হয়েছে। এর ফলে তুলনামূলকভাবে আধুনিক ও কম কার্বন নিঃসরণকারী যানবাহন ব্যবহারে মানুষকে উৎসাহিত করা হবে বলে মনে করছে কেন্দ্রীয় ব্যাংক।

এছাড়া ঋণ ও নিজস্ব বিনিয়োগের অনুপাতেও বড় পরিবর্তন আনা হয়েছে। সাধারণ গাড়ির ক্ষেত্রে ব্যাংক এখন সর্বোচ্চ ৬০:৪০ অনুপাতে ঋণ দিতে পারবে। অন্যদিকে বৈদ্যুতিক ও হাইব্রিড গাড়ির জন্য এই অনুপাত ৮০:২০ করা হয়েছে, যা গ্রাহকদের জন্য আরও সহজ অর্থায়নের সুযোগ তৈরি করবে।

নতুন নির্দেশনায় আরও বলা হয়েছে, কোনো ব্যক্তির মোট ঋণ-এক্সপোজার নির্ধারণের ক্ষেত্রে তার ওপর নির্ভরশীল পরিবারের সদস্যদের নেওয়া অটো লোনও অন্তর্ভুক্ত করা হবে। এতে ঋণ ব্যবস্থাপনায় স্বচ্ছতা ও ঝুঁকি নিয়ন্ত্রণ আরও জোরদার হবে বলে আশা করা হচ্ছে।

এছাড়া পার্সোনাল ঋণের সীমাও বাড়িয়েছে বাংলাদেশ ব্যাংক। আগে যেখানে একজন ব্যক্তি সর্বোচ্চ ২০ লাখ টাকা পার্সোনাল লোন নিতে পারতেন, এখন সেই সীমা বাড়িয়ে ৪০ লাখ টাকা করা হয়েছে।

অর্থনীতিবিদ ও ব্যাংকিং খাত সংশ্লিষ্টরা মনে করছেন, এই উদ্যোগ দেশে পরিবেশবান্ধব যানবাহনের ব্যবহারকে উৎসাহিত করার পাশাপাশি ব্যাংকিং খাতে ঋণপ্রবাহও আরও গতিশীল করবে। একই সঙ্গে এটি দীর্ঘমেয়াদে কার্বন নিঃসরণ কমিয়ে টেকসই পরিবহন ব্যবস্থার দিকে দেশকে এগিয়ে নিতে সহায়তা করবে।