আমিনুল ইসলাম বুলবুলের নেতৃত্বাধীন বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) পরিচালনা পর্ষদ ভেঙে দেওয়ার পর তামিম ইকবালের নেতৃত্বে গঠিত ১১ সদস্যের এডহক কমিটি নির্বাচনের প্রস্তুতি জোরদার করেছে। কমিটির মূল দায়িত্ব আগামী ৯০ দিনের মধ্যে নির্বাচন আয়োজন করা।
বুধবার (৬ মে) মিরপুরে বিসিবি কার্যালয়ে অনুষ্ঠিত এডহক কমিটির চতুর্থ সভায় নির্বাচন সংশ্লিষ্ট বিভিন্ন গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সভায় বিসিবির গঠনতন্ত্রের ১২.৭ অনুচ্ছেদ অনুযায়ী তিনটি ক্যাটাগরির অধীনে ১৯২ জন কাউন্সিলরের তালিকা চূড়ান্ত করা হয়।
জানা গেছে, এসব কাউন্সিলর মনোনয়নের জন্য সংশ্লিষ্ট সংস্থা, ক্লাব ও সংগঠনগুলোকে চিঠি পাঠানো হবে। মনোনয়ন তালিকা জমা দেওয়ার শেষ সময় নির্ধারণ করা হয়েছে আগামী ১৬ মে ২০২৬।
এদিকে জেলা পর্যায়ের কোচ নিয়োগ প্রক্রিয়াও নতুনভাবে শুরু হচ্ছে। বর্তমান জেলা কোচদের চুক্তির মেয়াদ শেষ হওয়ায় ৬৪টি জেলা কোচ পদের জন্য আবেদন আহ্বান এবং তাদের মূল্যায়নের লক্ষ্যে একটি কমিটি গঠনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এ মূল্যায়ন প্রক্রিয়ায় তাত্ত্বিক ও ব্যবহারিক উভয় দিক বিবেচনায় নেওয়া হবে বলে জানা গেছে।
অন্যদিকে, আম্পায়ার ও ম্যাচ রেফারিদের চুক্তির মেয়াদও বাড়ানো হয়েছে। বোর্ড সিদ্ধান্ত নিয়েছে, গত ৩০ এপ্রিল ২০২৬ তারিখে শেষ হওয়া চুক্তির মেয়াদ আরও তিন মাস বৃদ্ধি করা হবে, যাতে চলমান ক্রিকেট কার্যক্রমে কোনো বিঘ্ন না ঘটে।
বিসিবির এডহক কমিটির এসব সিদ্ধান্তকে আসন্ন নির্বাচনের প্রস্তুতি এবং ক্রিকেট প্রশাসনে স্থিতিশীলতা ফেরানোর পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে। সংশ্লিষ্টরা আশা করছেন, নির্ধারিত সময়ের মধ্যেই নির্বাচন আয়োজনের মাধ্যমে একটি পূর্ণাঙ্গ পরিচালনা পর্ষদ গঠন করা সম্ভব হবে।
আপনার মতামত লিখুন :