বিনিয়োগবান্ধন পরিবেশ তৈরি করা সরকারের লক্ষ্য: মির্জা ফখরুল


অনলাইন ডেস্ক প্রকাশের সময় : মে ৬, ২০২৬, ৩:০১ অপরাহ্ণ
বিনিয়োগবান্ধন পরিবেশ তৈরি করা সরকারের লক্ষ্য: মির্জা ফখরুল

স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, দেশে বিনিয়োগে যে প্রধান সমস্যা তৈরি হচ্ছে, তার বড় কারণ হলো সরকারি বিভিন্ন এজেন্সির ধীরগতি। এতে বিনিয়োগকারীরা হতাশ হয়ে পড়ছেন। তিনি বলেন, আমলাতন্ত্রকে সঠিক পথে এনে বিনিয়োগবান্ধব পরিবেশ তৈরি করাই সরকারের লক্ষ্য।

বুধবার (৬ মে) সকালে রাজধানীর বনানীতে যুক্তরাষ্ট্রভিত্তিক গবেষণা প্রতিষ্ঠান কম্পাস আয়োজিত এক সংলাপ শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।

মির্জা ফখরুল বলেন, নির্বাচন-পরবর্তী সময়ে দেশে কিছু পরিবর্তন এলেও রাজনৈতিক স্থিতিশীলতা পুরোপুরি এসেছে—এমনটা বলা যাবে না। তবে পরিস্থিতি অনেকটাই নিয়ন্ত্রণে ও স্থিতিশীল রয়েছে বলে তিনি মন্তব্য করেন।

তিনি আরও বলেন, রোহিঙ্গা ইস্যু দেশের জন্য একটি বড় চ্যালেঞ্জ। সরকার এ সমস্যার সমাধানে কাজ করছে এবং বিভিন্ন পর্যায়ে সংলাপ শুরু হয়েছে, যার মাধ্যমে একটি বাস্তবসম্মত সমাধানের দিকে অগ্রসর হওয়ার চেষ্টা চলছে।

জ্বালানি খাত প্রসঙ্গে তিনি বলেন, এই খাতে সবচেয়ে বড় সমস্যা তৈরি হয়েছে। সংকট মোকাবিলায় সরকার উদ্যোগ নিয়েছে এবং গ্যাস উত্তোলনের জন্য আগামী তিন মাসের মধ্যে টেন্ডার প্রক্রিয়া শুরু করা হবে। পাশাপাশি বঙ্গোপসাগরের নিরাপত্তা জোরদারের ওপরও গুরুত্ব দেওয়া হচ্ছে।

তিনি আরও বলেন, দেশের অর্থনৈতিক অগ্রগতি নিশ্চিত করতে হলে বিনিয়োগ পরিবেশ উন্নত করা, আমলাতান্ত্রিক জটিলতা কমানো এবং দ্রুত সিদ্ধান্ত গ্রহণের সক্ষমতা বাড়ানো জরুরি। সরকার সেই লক্ষ্যেই কাজ করছে বলে তিনি জানান।