
নাটোরের বড়াইগ্রাম উপজেলায় মৎস্য চাষ সম্প্রসারণ ও গৃহস্থালি পর্যায়ে মাছ উৎপাদনে উৎসাহ দিতে চাষিদের মাঝে বিভিন্ন উপকরণ বিতরণ করা হয়েছে।
উপজেলা মৎস্য দপ্তর সূত্রে জানা যায়, রাজস্ব খাতের আওতায় ইউনিয়ন পর্যায়ে “মৎস্য চাষ সম্প্রসারণ প্রকল্প (৩য় পর্যায়)” এর মাধ্যমে আরও চারটি প্রদর্শনী খামার স্থাপন করা হয়েছে। এসব খামারের মাধ্যমে স্থানীয় চাষিদের আধুনিক প্রযুক্তিনির্ভর মাছ চাষে উৎসাহিত করা হচ্ছে। বিতরণকৃত উপকরণের মধ্যে রয়েছে চুন, এরিয়েটর, মাছের খাদ্য ও পোনা।
এছাড়া গৃহস্থালি পর্যায়ে প্রদর্শনী পুকুরে ছোট মাছ চাষকে সহায়তা করতে পোনা, খাদ্য, গাছের চারা, চুন ও সাইনবোর্ডসহ প্রয়োজনীয় উপকরণ প্রদান করা হয়।
বুধবার সকালে উপজেলা চত্বরে সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তার কার্যালয়ের উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা লায়লা জান্নাতুল ফেরদৌস।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জেলা মৎস্য কর্মকর্তা ওমর আলী, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মুরাদ হোসেন, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা মো. নুরে আলম সিদ্দিক, অতিরিক্ত কৃষি কর্মকর্তা মো. মারফুদুল হক, উপজেলা সমবায় কর্মকর্তা মো. আমজাদ হোসেনসহ স্থানীয় মৎস্য চাষি ও খামারিরা।
বক্তারা বলেন, এ ধরনের উদ্যোগ স্থানীয় পর্যায়ে পুষ্টি চাহিদা পূরণ, আয় বৃদ্ধি ও কর্মসংস্থান সৃষ্টিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। তারা আধুনিক প্রযুক্তি ব্যবহার করে মাছ চাষে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান।
আপনার মতামত লিখুন :