বড়চওনা বাজারের ড্রেন ও গরুহাটি ময়লার ভাগাড়ে, দুর্ভোগে ব্যবসায়ী ও পথচারীরা


টাঙ্গাইল ভ্রাম্যমাণ প্রতিনিধি, আল-আমীন  প্রকাশের সময় : মে ৬, ২০২৬, ৬:০৭ অপরাহ্ণ
বড়চওনা বাজারের ড্রেন ও গরুহাটি ময়লার ভাগাড়ে, দুর্ভোগে ব্যবসায়ী ও পথচারীরা

টাঙ্গাইলের সখীপুর উপজেলার ঐতিহ্যবাহী ও বৃহৎ ব্যবসাকেন্দ্র বড়চওনা বাজারের ড্রেন ও গরুহাটি এখন ময়লার ভাগাড়ে পরিণত হয়েছে। এতে চরম ভোগান্তিতে পড়েছেন ব্যবসায়ী, শিক্ষার্থী ও সাধারণ পথচারীরা।

স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা যায়, প্রতি সপ্তাহে সোমবার ও বৃহস্পতিবার হাট বসে বড়চওনায়। এছাড়া প্রতিদিনই এখানে কাঁচামালসহ নানা পণ্যের বাণিজ্য হয়, যার পরিমাণ কোটি টাকারও বেশি। তবে এত গুরুত্বপূর্ণ বাজারে নেই কার্যকর পানি নিষ্কাশন ব্যবস্থা।

সরেজমিনে দেখা যায়, বাজারের পুরোনো ও নতুন ড্রেনগুলো দীর্ঘদিন সংস্কার ও রক্ষণাবেক্ষণের অভাবে ভরাট হয়ে গেছে। এর ওপর মুরগির দোকান বসানো হয়েছে এবং জবাইয়ের পর নাড়িভুঁড়ি ও বর্জ্য সরাসরি ড্রেনে ফেলা হচ্ছে। ফলে পুরো ড্রেন দুর্গন্ধযুক্ত ময়লার ভাগাড়ে পরিণত হয়েছে।

স্থানীয়দের অভিযোগ, পচা বর্জ্যের কারণে এলাকায় তীব্র দুর্গন্ধ ছড়িয়ে পড়েছে এবং মশা-মাছির উপদ্রব বেড়েছে। পাশের শিক্ষাপ্রতিষ্ঠান ফরহাদ ক্যাডেটের শিক্ষার্থীসহ পথচারীদের চলাচলও কষ্টকর হয়ে পড়েছে।

এছাড়া গরুহাটির ময়লা দীর্ঘদিন ধরে ডাস্টবিনে স্তুপ করে রাখা হলেও নিয়মিত পরিষ্কার করা হয় না বলে অভিযোগ রয়েছে। বাজারে পর্যাপ্ত ও ব্যবহারযোগ্য শৌচাগার এবং নিরাপদ পানির ব্যবস্থাও নেই।

স্থানীয়রা বলছেন, প্রতিবছর হাট ইজারা থেকে ও বণিক সমিতির মাধ্যমে কোটি কোটি টাকা আয় হলেও মৌলিক সুবিধা উন্নয়নে কোনো কার্যকর উদ্যোগ নেওয়া হয়নি। এ নিয়ে জনমনে প্রশ্ন উঠেছে—দায়িত্ব কার?

স্থানীয় ইউপি সদস্য মিজানুর রহমান মিজান বলেন, বড়চওনা বাজার উপজেলার অন্যতম প্রধান বাণিজ্যকেন্দ্র। এ অবস্থার পরিবর্তনে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে। অন্যদিকে হাট ভিটার মো. সিদ্দিকুর রহমান ও হাট কমিটির সদস্য মো. জাহাঙ্গীর আলম জানান, সকলের সহযোগিতায় বাজারের সমস্যা সমাধানে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

স্থানীয় ব্যবসায়ী ও সাধারণ মানুষের দাবি, দ্রুত ড্রেন সংস্কার, বর্জ্য ব্যবস্থাপনা উন্নয়ন এবং পর্যাপ্ত শৌচাগার ও নিরাপদ পানির ব্যবস্থা নিশ্চিত করা না হলে পরিস্থিতি আরও ভয়াবহ হয়ে উঠবে।