পশ্চিমবঙ্গে সরকার গঠনের ৪৫ দিনের মধ্যেই সীমান্তে বেড়ার জমি বরাদ্দ দেবে বিজেপি


অনলাইন ডেস্ক প্রকাশের সময় : মে ৬, ২০২৬, ৪:২২ অপরাহ্ণ
পশ্চিমবঙ্গে সরকার গঠনের ৪৫ দিনের মধ্যেই সীমান্তে বেড়ার জমি বরাদ্দ দেবে বিজেপি

ভারতের পশ্চিমবঙ্গে সরকার গঠনের পরপরই বাংলাদেশ-ভারত সীমান্তে বেড়া নির্মাণে দ্রুত পদক্ষেপ নিতে যাচ্ছে ভারতীয় জনতা পার্টি (বিজেপি)। সরকার গঠনের মাত্র ৪৫ দিনের মধ্যেই এ কাজে প্রয়োজনীয় জমি বরাদ্দ দেওয়া হবে বলে দলটির এক নেতার বরাতে জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম।

দীর্ঘ এক দশক ধরে পশ্চিমবঙ্গের ক্ষমতায় আসার চেষ্টা চালিয়ে যাচ্ছিল বিজেপি। অবশেষে রাজ্যে জয় পাওয়ার পর দলটির নেতাকর্মীদের মধ্যে উচ্ছ্বাস দেখা গেছে। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি সামাজিক যোগাযোগমাধ্যমে প্রতিক্রিয়া জানিয়ে বলেন, পশ্চিমবঙ্গে প্রথমবারের মতো ‘পদ্ম’ ফুটেছে—যা বিজেপির নির্বাচনী প্রতীক।

এর আগে তৃণমূল কংগ্রেস সরকারের সময় কেন্দ্রীয় সরকারের সঙ্গে বিভিন্ন ইস্যুতে টানাপোড়েন চলছিল। বিশেষ করে সীমান্ত নিরাপত্তা, নাগরিকত্ব সংশোধনী আইন ও জাতীয় নাগরিক নিবন্ধন ইস্যুতে কেন্দ্র ও রাজ্যের মধ্যে মতবিরোধ ছিল প্রকট। ২০২১ সালে সীমান্তবর্তী এলাকায় সীমান্তরক্ষী বাহিনীর কার্যপরিধি ১৫ কিলোমিটার থেকে বাড়িয়ে ৫০ কিলোমিটার করার প্রস্তাব দিলেও তা প্রত্যাখ্যান করে তৎকালীন রাজ্য সরকার।

এছাড়া খাগড়াগড় ও ভূপতিনগরের মতো বিস্ফোরণের ঘটনা তদন্ত নিয়েও কেন্দ্রীয় সংস্থা ও রাজ্য প্রশাসনের মধ্যে বিরোধ তৈরি হয়। বিভিন্ন নির্বাচন ঘিরে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন নিয়েও উত্তেজনা ছিল তুঙ্গে।

বিশ্লেষকদের মতে, পশ্চিমবঙ্গে বিজেপি সরকার গঠনের ফলে এসব ইস্যুতে দ্রুত নীতিগত পরিবর্তন আসতে পারে। নতুন সরকার সীমান্তে অনুপ্রবেশ ঠেকাতে কঠোর অবস্থান নেবে এবং বেড়া নির্মাণকে অগ্রাধিকার দেবে।

বিজেপি নেতারা জানিয়েছেন, সীমান্ত এলাকায় সীমান্তরক্ষী বাহিনী ও পুলিশের যৌথ অভিযান জোরদার করা হবে। পাশাপাশি কেন্দ্রীয় তদন্ত সংস্থাগুলোকে আরও স্বাধীনভাবে কাজ করার সুযোগ দেওয়া হবে। সব মিলিয়ে পশ্চিমবঙ্গে রাজনৈতিক পরিবর্তনের পর সীমান্ত নিরাপত্তা ইস্যুতে নতুন করে সক্রিয়তা দেখা যাচ্ছে, যা বাংলাদেশ-ভারত সীমান্ত ব্যবস্থাপনায় গুরুত্বপূর্ণ প্রভাব ফেলতে পারে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।