সারাদেশে গত ২৪ ঘণ্টায় হাম ও হামের উপসর্গ নিয়ে আরও ৭ জনের মৃত্যু হয়েছে বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। এর মধ্যে ২ জনের মৃত্যু নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়ে হয়েছে, আর বাকি ৫ জনের মৃত্যু হয়েছে উপসর্গ নিয়ে।
বুধবার (৬ মে) বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় সারাদেশে সন্দেহজনক হামরোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১ হাজার ৬৫৪ জন, যা পরিস্থিতির উদ্বেগজনক দিক নির্দেশ করছে।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ১৫ মার্চের পর থেকে এ পর্যন্ত হামে আক্রান্ত হয়ে মোট ৫৬ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে হামের উপসর্গ নিয়ে সন্দেহভাজন মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৬৮ জনে।
এছাড়া ১৫ মার্চের পর থেকে এখন পর্যন্ত নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়েছেন ৬ হাজার ৯৯ জন। একই সময়ে সন্দেহভাজন আক্রান্তের সংখ্যা ৪৪ হাজার ২৬০ জনে পৌঁছেছে।
স্বাস্থ্য খাতের সর্বশেষ তথ্য বলছে, এ পর্যন্ত হাম সন্দেহে হাসপাতালে ভর্তি হয়েছেন ৩০ হাজার ৮৮৫ জন রোগী। তাদের মধ্যে সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন ২৭ হাজার ২২৩ জন।
বিশেষজ্ঞরা বলছেন, হাম একটি অত্যন্ত সংক্রামক রোগ হওয়ায় দ্রুত প্রতিরোধমূলক ব্যবস্থা জোরদার করা জরুরি। বিশেষ করে টিকাদান কর্মসূচি জোরদার, জনসচেতনতা বৃদ্ধি এবং আক্রান্তদের দ্রুত চিকিৎসা নিশ্চিত করার ওপর গুরুত্ব দিচ্ছেন তারা।
আপনার মতামত লিখুন :