‘দক্ষ জনশক্তি তৈরি করে বিদেশে পাঠানোর ওপর গুরুত্ব দিচ্ছে সরকার’


অনলাইন ডেস্ক প্রকাশের সময় : মে ৬, ২০২৬, ৯:৪২ অপরাহ্ণ
‘দক্ষ জনশক্তি তৈরি করে বিদেশে পাঠানোর ওপর গুরুত্ব দিচ্ছে সরকার’

প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী নুরুল হক নুর বলেছেন, বৈদেশিক শ্রমবাজারে টিকে থাকতে দক্ষ জনশক্তি তৈরি করে বিদেশে পাঠানোর ওপর সরকার সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে। বুধবার (৬ মে) মন্ত্রণালয়ে আয়োজিত ‘অভিবাসী সম্মেলন-২০২৬’-এ প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

প্রতিমন্ত্রী বলেন, বৈদেশিক শ্রমবাজারে প্রতিযোগিতা বেড়ে যাওয়ায় এখন আর অদক্ষ কর্মী পাঠিয়ে প্রত্যাশিত ফল পাওয়া যাচ্ছে না। এ কারণে সরকার দক্ষতা উন্নয়ন ও প্রশিক্ষণ ব্যবস্থাকে অগ্রাধিকার দিচ্ছে।

তিনি জানান, বর্তমানে দেশে ১০৪টি টেকনিক্যাল ট্রেনিং সেন্টার (টিটিসি) রয়েছে, যেখানে ৫৮টি ট্রেডে প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। তবে সব কেন্দ্রে সমান সুযোগ-সুবিধা নেই। কোথাও অবকাঠামোগত ঘাটতি রয়েছে, আবার কোথাও প্রশিক্ষণার্থীর অভাব দেখা যাচ্ছে।

নুরুল হক নুর বলেন, যেখানে চাহিদা বেশি, সেখানে প্রশিক্ষণ সুবিধা আরও সম্প্রসারণ ও উন্নত করা হবে। প্রয়োজনীয় যন্ত্রপাতি ও অবকাঠামো নিশ্চিত করতে বাজেটে বরাদ্দ বৃদ্ধির উদ্যোগ নেওয়া হবে বলেও তিনি জানান।

প্রতিমন্ত্রী আরও বলেন, বিদেশে কর্মসংস্থানের পাশাপাশি দেশের অভ্যন্তরীণ কর্মসংস্থানও গুরুত্বপূর্ণ। তবে বাংলাদেশের মতো জনবহুল দেশের জন্য বৈদেশিক কর্মসংস্থান একটি বড় সম্ভাবনার ক্ষেত্র। দক্ষ জনশক্তি তৈরি করা গেলে আন্তর্জাতিক শ্রমবাজারে বাংলাদেশের অবস্থান আরও শক্তিশালী হবে এবং প্রবাসী আয় বাড়বে।

তিনি জানান, মধ্যপ্রাচ্যসহ বিভিন্ন অঞ্চলের বর্তমান পরিস্থিতি বিবেচনায় নতুন শ্রমবাজার অনুসন্ধানের উদ্যোগ নেওয়া হচ্ছে। পাশাপাশি প্রবাসী কর্মীদের অধিকার ও মর্যাদা নিশ্চিত করতেও সরকার কাজ করে যাচ্ছে।

প্রতিমন্ত্রী বলেন, “আমরা চাই দক্ষ ও প্রশিক্ষিত জনশক্তি বিদেশে পাঠাতে, যাতে তারা ভালো কর্মসংস্থান পায় এবং দেশের জন্য অধিক রেমিট্যান্স অর্জন করতে পারে।”

অভিবাসী কর্মী উন্নয়ন প্রোগ্রাম (ওকাপ) আয়োজিত এ সম্মেলনে দেশি-বিদেশি বিভিন্ন সংস্থা ও প্রতিষ্ঠানের প্রতিনিধিরা এবং বিদেশ ফেরত অভিবাসী কর্মীরা অংশগ্রহণ করেন।