জেলা স্টেডিয়াম সংস্কার ও খেলাধুলা প্রসারে সরকারের উদ্যোগ: আমিনুল হক


অনলাইন ডেস্ক প্রকাশের সময় : মে ৬, ২০২৬, ১:২৭ অপরাহ্ণ
জেলা স্টেডিয়াম সংস্কার ও খেলাধুলা প্রসারে সরকারের উদ্যোগ: আমিনুল হক

যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক বলেছেন, দেশের সব জেলা পর্যায়ের স্টেডিয়াম ও সুইমিং কমপ্লেক্স সংস্কারের মাধ্যমে পুনরায় সচল করার উদ্যোগ নিয়েছে সরকার। এসব স্থাপনা কার্যকর করে খেলাধুলার পরিবেশকে আরও গতিশীল করাই সরকারের মূল লক্ষ্য।

বুধবার (৫ মে) রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে জেলা প্রশাসক (ডিসি) সম্মেলনের চতুর্থ দিনের প্রথম অধিবেশন শেষে আয়োজিত প্রেস ব্রিফিংয়ে তিনি এ কথা বলেন।

প্রতিমন্ত্রী জানান, দীর্ঘদিন ব্যবহার না হওয়ায় অনেক জেলা স্টেডিয়াম ও সুইমিং কমপ্লেক্স জরাজীর্ণ হয়ে পড়েছে। তাই সেগুলো সংস্কার করে পুনরায় খেলাধুলার উপযোগী করার কাজ শুরু হয়েছে। তিনি বলেন, “আমরা চাই দেশের প্রতিটি প্রান্ত থেকে খেলোয়াড় তৈরি হোক। সে লক্ষ্যেই এসব স্থাপনা পুনরুজ্জীবিত করা হচ্ছে।”

যুব উন্নয়ন ও কর্মসংস্থান প্রসঙ্গে আমিনুল হক বলেন, সরকার যুব সমাজের জন্য ফ্রিল্যান্সিং, মোবাইল সার্ভিসিংসহ বিভিন্ন কর্মসংস্থানমূলক উদ্যোগ গ্রহণ করেছে। এসব প্রকল্প ইতোমধ্যে চলমান রয়েছে এবং দ্রুত বাস্তবায়নে জেলা প্রশাসকদের নির্দেশনা দেওয়া হয়েছে।

তিনি আরও বলেন, তৃণমূল পর্যায়ে যুবকদের দক্ষ ও আত্মনির্ভর করে গড়ে তুলতে সরকার কাজ করছে, যাতে তারা দেশের অর্থনৈতিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।

প্রতিমন্ত্রী জানান, প্রধানমন্ত্রী ইতোমধ্যে ‘নতুন কুঁড়ি’ স্পোর্টস কার্যক্রম উদ্বোধন করেছেন, যা বর্তমানে দেশের ৬৪ জেলায় একযোগে পরিচালিত হচ্ছে। এই কর্মসূচির মাধ্যমে নতুন প্রতিভাবান খেলোয়াড় তৈরি হবে বলে তিনি আশা প্রকাশ করেন।

জেলা স্টেডিয়ামগুলোতে মেলা বা অন্যান্য বাণিজ্যিক আয়োজনের ব্যবহার নিয়ে এক প্রশ্নের জবাবে আমিনুল হক বলেন, তিনি দায়িত্ব নেওয়ার পর থেকে কোনো স্টেডিয়াম মেলা বা অখেলাধুলা সংশ্লিষ্ট কাজে ব্যবহারের অনুমোদন দেওয়া হয়নি। ভবিষ্যতেও এসব মাঠে মেলা বসতে দেওয়া হবে না বলে তিনি স্পষ্ট জানান।