জাতীয় পেনশন কর্তৃপক্ষের নতুন নির্বাহী চেয়ারম্যান ড. সুরাতুজ্জামান


অনলাইন ডেস্ক প্রকাশের সময় : মে ৬, ২০২৬, ৫:২১ অপরাহ্ণ
জাতীয় পেনশন কর্তৃপক্ষের নতুন নির্বাহী চেয়ারম্যান ড. সুরাতুজ্জামান

সর্বজনীন পেনশন স্কিম বাস্তবায়নকারী সংস্থা জাতীয় পেনশন কর্তৃপক্ষের নির্বাহী চেয়ারম্যান হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন ড. মো. সুরাতুজ্জামান। তিনি বিসিএস (প্রশাসন) ক্যাডারের ১৫তম ব্যাচের একজন অভিজ্ঞ সরকারি কর্মকর্তা।

অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগের জারি করা প্রজ্ঞাপনের মাধ্যমে তাকে দুই বছরের জন্য চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া হয়েছে। নতুন দায়িত্ব গ্রহণের মাধ্যমে তিনি জাতীয় পেনশন ব্যবস্থাপনার সার্বিক কার্যক্রম তদারকি করবেন বলে জানা গেছে।

ড. মো. সুরাতুজ্জামান তার দীর্ঘ কর্মজীবনে সরকারের বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেছেন। তিনি সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সহকারী একান্ত সচিব হিসেবেও দায়িত্বে ছিলেন। পাশাপাশি প্রশাসনিক দায়িত্ব পালনের পাশাপাশি তিনি বিভিন্ন সমাজকল্যাণমূলক কার্যক্রম ও লেখালেখির সঙ্গে যুক্ত রয়েছেন।

এদিকে একই সংস্থায় সদস্য হিসেবে যোগদান করেছেন শেখ কামরুল হাসান। অর্থ বিভাগের পৃথক প্রজ্ঞাপনের মাধ্যমে তাকে এক বছরের জন্য চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া হয়েছে। তিনি বিসিএস (অডিট অ্যান্ড অ্যাকাউন্টস) ক্যাডারের ১৫তম ব্যাচের কর্মকর্তা।

কর্মজীবনে শেখ কামরুল হাসান অর্থ প্রশাসনের বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেছেন। তিনি তিনটি মন্ত্রণালয়ের প্রধান হিসাবরক্ষণ কর্মকর্তা, ফাইন্যান্স কন্ট্রোলার (সেনাবাহিনী) এবং বিভাগীয় হিসাব নিয়ন্ত্রক হিসেবে কাজ করেছেন। এছাড়া তিনি বিনিয়োগ বোর্ড, নৌপরিবহন মন্ত্রণালয় এবং মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ে উচ্চপদে দায়িত্ব পালন করেন।

বিদেশি দায়িত্বের অংশ হিসেবে তিনি ভারতের কলকাতায় বাংলাদেশ উপ-হাইকমিশনে প্রথম সচিব (বাণিজ্যিক) হিসেবে কর্মরত ছিলেন। পরে শ্রীমঙ্গলের চা বাগান শ্রমিক ভবিষ্য তহবিল কার্যালয়ে নিয়ন্ত্রক হিসেবে দায়িত্ব পালনকালে শ্রমিক কল্যাণে গুরুত্বপূর্ণ অবদান রাখেন।

এছাড়া শেখ কামরুল হাসান বাংলাদেশ স্কাউটসের জাতীয় উপ-কমিশনার এবং বাংলাদেশ ক্রিকেট বোর্ডের বি গ্রেড আম্পায়ার হিসেবেও দায়িত্ব পালন করেছেন। তিনি ‘আর্থিক ও প্রশাসনিক আইন হ্যান্ডবুক’ নামে একটি গ্রন্থের লেখক বলেও জানা যায়।