চাঁদপুর ও ফেনী সফর করবেন প্রধানমন্ত্রী


অনলাইন ডেস্ক প্রকাশের সময় : মে ৬, ২০২৬, ৬:৪৯ অপরাহ্ণ
চাঁদপুর ও ফেনী সফর করবেন প্রধানমন্ত্রী

আগামী ১৬ মে চাঁদপুর এবং ২৫ মে ফেনী জেলা সফর করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বর্ষা মৌসুম শুরুর আগে এসব সফরে তিনি খাল খনন কর্মসূচির উদ্বোধনসহ বিভিন্ন উন্নয়নমূলক কার্যক্রমে অংশ নেবেন বলে জানিয়েছেন পানি সম্পদ মন্ত্রী মো. শহীদউদ্দীন চৌধুরী এ্যানি।

বুধবার (৬ মে) সকালে সচিবালয়ে প্রধানমন্ত্রীর দফতরে অনুষ্ঠিত পানি সম্পদ ব্যবস্থাপনা বিষয়ক এক বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব তথ্য জানান।

মন্ত্রী এ্যানি বলেন, “আমরা আগামী পাঁচ বছরব্যাপী সারা বাংলাদেশে ২০ হাজার কিলোমিটার খাল খনন কর্মসূচি হাতে নিয়েছি। সেই পরিকল্পনার অংশ হিসেবে প্রধানমন্ত্রী ইতোমধ্যে বিভিন্ন জেলায় গিয়ে খনন কার্যক্রম উদ্বোধন করেছেন। আমাদের মন্ত্রী ও সংসদ সদস্যরা নিজ নিজ এলাকায় এই কর্মসূচি অব্যাহত রেখেছেন।”

তিনি আরও বলেন, বর্ষা মৌসুম সামনে রেখে আপাতত মে মাস পর্যন্ত খাল খনন কার্যক্রম চলমান থাকবে। এরপর বর্ষা শেষে আগামী নভেম্বর, ডিসেম্বর ও জানুয়ারিতে পুনরায় এই কর্মসূচি জোরদারভাবে শুরু করা হবে।

বৈঠকের বিষয়ে তিনি জানান, সকাল ১০টায় সচিবালয়ে অনুষ্ঠিত ওই সভায় দেশের পানি সম্পদ ব্যবস্থাপনা নিয়ে বিস্তারিত আলোচনা হয়। বিশেষ করে পদ্মা ব্যারেজ প্রকল্পের কারিগরি সমীক্ষা ও সম্ভাব্যতা যাচাই প্রায় সম্পন্ন হয়েছে বলে জানানো হয়। সরকার শিগগিরই এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণ করবে।

সরকারের এই বৃহৎ খাল খনন কর্মসূচির মাধ্যমে জলাবদ্ধতা নিরসন, সেচ ব্যবস্থার উন্নয়ন এবং কৃষি উৎপাদন বাড়ানোর লক্ষ্যে কাজ করা হচ্ছে বলে জানান সংশ্লিষ্টরা। এ উদ্যোগ বাস্তবায়িত হলে দেশের গ্রামীণ অর্থনীতিতে ইতিবাচক পরিবর্তন আসবে বলে আশা প্রকাশ করা হয়েছে। প্রধানমন্ত্রীর আসন্ন সফরকে ঘিরে চাঁদপুর ও ফেনীতে স্থানীয় প্রশাসন ও সংশ্লিষ্ট দপ্তরগুলো প্রস্তুতি নিচ্ছে বলেও জানা গেছে।