চলছে চতুর্থ দিনের ডিসি সম্মেলন


অনলাইন ডেস্ক প্রকাশের সময় : মে ৬, ২০২৬, ৫:১৮ অপরাহ্ণ
চলছে চতুর্থ দিনের ডিসি সম্মেলন

জেলা প্রশাসক (ডিসি) সম্মেলনের চতুর্থ ও শেষ দিনের প্রথম অধিবেশন অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৬ মে) সকালে অনুষ্ঠিত এ অধিবেশনে যুব ও ক্রীড়া এবং সমাজকল্যাণ মন্ত্রণালয়ের সঙ্গে জেলা প্রশাসকদের বৈঠক হয়।

বৈঠক শেষে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল ইসলাম স্পষ্টভাবে জানান, দেশের কোনো জেলা স্টেডিয়ামের মাঠ এখন থেকে আর মেলা বা অন্য কোনো বাণিজ্যিক কার্যক্রমের জন্য বরাদ্দ দেওয়া হবে না। তিনি বলেন, স্টেডিয়াম হবে শুধুমাত্র খেলাধুলা ও খেলোয়াড়দের অনুশীলনের জন্য নির্ধারিত জায়গা।

তিনি আরও বলেন, মাঠ পর্যায়ে প্রতিভাবান খেলোয়াড় তৈরি করতে দেশের জেলা স্টেডিয়াম ও সুইমিংপুলগুলো দ্রুত সংস্কার করা হবে। পাশাপাশি জেলা প্রশাসকদের মাধ্যমে যুবকদের কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে একটি বিশেষ সমন্বয় বা কানেক্টিভিটি নেটওয়ার্ক গড়ে তোলার পরিকল্পনার কথাও তুলে ধরেন তিনি।

অন্যদিকে একই অধিবেশনে সমাজকল্যাণ প্রতিমন্ত্রী ফারজানা শারমিন পুতুল সামাজিক নিরাপত্তা বেষ্টনী নিয়ে গুরুত্বপূর্ণ ঘোষণা দেন। তিনি স্বীকার করেন, অতীতে অনিয়ম ও দুর্নীতির কারণে মাঠ পর্যায়ে অনেক প্রকৃত দুস্থ ও অসহায় মানুষ সরকারি ভাতার সুবিধা থেকে বঞ্চিত হয়েছেন।

তিনি জানান, এ অনিয়ম দূর করতে সরকার বর্তমানে ভাতাভোগীদের তালিকা সম্পূর্ণভাবে হালনাগাদ করার কাজ শুরু করেছে। এ জন্য একটি বিশেষ কমিটিও গঠন করা হয়েছে, যাতে প্রকৃত ও যোগ্য ব্যক্তিরাই সরকারি সহায়তার আওতায় আসতে পারেন।

প্রতিমন্ত্রী বলেন, সামাজিক নিরাপত্তা কর্মসূচি আরও স্বচ্ছ ও কার্যকর করতে সরকার বদ্ধপরিকর এবং এ ক্ষেত্রে জেলা প্রশাসকদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ।