
দিনাজপুরের ঘোড়াঘাটে সড়ক দুর্ঘটনায় বাবু (২০) নামের এক তরুণ নিহত হয়েছেন। বুধবার (৬ মে) ভোরে ঘোড়াঘাট–গোবিন্দগঞ্জ আঞ্চলিক মহাসড়কের কশিগাড়ি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত বাবু উপজেলার কশিগাড়ি মধ্যপাড়া গ্রামের দয়াল মিয়ার ছেলে। তার অকাল মৃত্যুতে পরিবার ও এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বুধবার ভোর সাড়ে ৫টার দিকে কশিগাড়ি খাদ্য গুদাম সংলগ্ন মাছের আড়তের সামনে পাকা সড়কের ওপর বাবুকে কোনো একটি অজ্ঞাত যানবাহন ধাক্কা দিয়ে দ্রুত পালিয়ে যায়। এতে তিনি মাথায় গুরুতর আঘাত পান এবং পায়ের হাড় থেঁতলে যায়।
ঘটনার পর এক অজ্ঞাতনামা ভ্যানচালক আহত বাবুকে উদ্ধার করে দ্রুত ঘোড়াঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সকাল ৮টা ২৫ মিনিটে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ঘোড়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শহিদুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, দুর্ঘটনার খবর পাওয়ার পরপরই পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং তদন্ত কার্যক্রম শুরু করেছে। ঘাতক যানবাহন শনাক্তে পুলিশের একাধিক টিম কাজ করছে।
তিনি আরও জানান, প্রাথমিকভাবে বিষয়টি সড়ক দুর্ঘটনা হিসেবে বিবেচনা করে অপমৃত্যু মামলা প্রক্রিয়াধীন রয়েছে। তবে ঘটনার পেছনের প্রকৃত কারণ উদঘাটন এবং দায়ী যানবাহন শনাক্তে পুলিশ সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছে।
এদিকে এ দুর্ঘটনায় স্থানীয় এলাকায় গভীর শোকের পরিবেশ সৃষ্টি হয়েছে। এলাকাবাসী দ্রুত ঘাতক যান শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন।
আপনার মতামত লিখুন :