
তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেছেন, গণমাধ্যমে প্রকৃত পেশাদারিত্ব নিশ্চিত করা গেলে এই খাতের বিদ্যমান অনেক সমস্যার সমাধান স্বয়ংক্রিয়ভাবেই হয়ে যাবে।
বুধবার (৬ মে) দুপুরে সচিবালয়ে মন্ত্রণালয়ের সভাকক্ষে ব্রডকাস্ট জার্নালিস্ট সেন্টারের প্রতিনিধি দলের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময়কালে তিনি এ কথা বলেন।
তথ্যমন্ত্রী বলেন, সরকার জনগণকে অবাধ ও সঠিক তথ্য সরবরাহের নিশ্চয়তা দিতে এবং অপতথ্য থেকে সুরক্ষা দিতে বদ্ধপরিকর। তিনি বলেন, বর্তমান সময়ে গণমাধ্যম খাত নানা ধরনের চ্যালেঞ্জের মধ্য দিয়ে যাচ্ছে, বিশেষ করে প্রযুক্তির দ্রুত পরিবর্তনের কারণে নতুন বাস্তবতা তৈরি হয়েছে।
তিনি আরও বলেন, আমাদের নীতি এখনো অনেক ক্ষেত্রে প্রচলিত বা পুরোনো ধাঁচের, কিন্তু চ্যালেঞ্জ হচ্ছে পুরোপুরি ডিজিটাল। ডিজিটাল যুগের দ্রুত পরিবর্তনের সঙ্গে খাপ খাইয়ে নিতে নীতিমালার আধুনিকায়ন অত্যন্ত জরুরি।
জহির উদ্দিন স্বপন বলেন, সরকার কোনো কিছু চাপিয়ে দিতে চায় না, বরং সহায়ক বা সহযোগী হিসেবে ভূমিকা রাখতে চায়, যাতে গণমাধ্যম আরও শক্তিশালী ও স্বাধীনভাবে কাজ করতে পারে।
তিনি আরও জানান, গণমাধ্যম সংশ্লিষ্ট সমস্যাগুলোর স্থায়ী ও টেকসই সমাধানের জন্য সংশ্লিষ্ট সব পক্ষের মতামতের ভিত্তিতে একটি গণমাধ্যম কমিশন গঠন করার পরিকল্পনা রয়েছে। এ ক্ষেত্রে সব অংশীজনের মধ্যে সুস্থ ও ইতিবাচক ঐকমত্য গড়ে তোলার ওপর তিনি গুরুত্বারোপ করেন।
মতবিনিময় সভায় ব্রডকাস্ট জার্নালিস্ট সেন্টারের চেয়ারম্যান ফাহিম আহমেদ, সদস্য সচিব ইলিয়াস হোসেন এবং ট্রাস্টি সদস্য রেজোয়ানুল হক, তালাত মামুন ও নূর সাফা জুলহাজ উপস্থিত ছিলেন।
এ সময় প্রতিনিধি দলের পক্ষ থেকে ডিজিটাল ব্রডকাস্ট মিডিয়ার উন্নয়ন, সাংবাদিকদের পেশাগত নিরাপত্তা এবং ইলেকট্রনিক মিডিয়ার বিভিন্ন সমস্যা ও নীতিগত বিষয় তুলে ধরা হয়। মন্ত্রী এসব প্রস্তাব গুরুত্বসহকারে বিবেচনার আশ্বাস দেন।
আপনার মতামত লিখুন :