কোনো রান না দিয়ে ১০ উইকেট, সব ব্যাটসম্যান বোল্ড


অনলাইন ডেস্ক প্রকাশের সময় : মে ৬, ২০২৬, ৬:৪২ অপরাহ্ণ
কোনো রান না দিয়ে ১০ উইকেট, সব ব্যাটসম্যান বোল্ড

আজ ৬ মে—ক্রিকেট ইতিহাসে এক অবিশ্বাস্য ও বিরল ঘটনার স্মরণীয় দিন। ১৯২২ সালের এই দিনে ইয়র্কশায়ারের জেলা পর্যায়ের একটি ম্যাচে শূন্য রানে প্রতিপক্ষের সব ব্যাটসম্যানকে আউট করে ইতিহাস গড়েছিলেন বোলার জেনিংস টিউন। তিনি প্রতিপক্ষের ১০ ব্যাটসম্যানকেই বোল্ড করে প্যাভিলিয়নে ফেরান, যা ক্রিকেট ইতিহাসে এক ব্যতিক্রমী কীর্তি হিসেবে বিবেচিত।

ক্রিকেটে এক ইনিংসে প্রতিপক্ষের সব উইকেট একাই নেওয়া অত্যন্ত কঠিন অর্জন। আন্তর্জাতিক ক্রিকেটে এই অসাধারণ কীর্তি এখন পর্যন্ত মাত্র তিনজন বোলারের রয়েছে। তারা হলেন জিম লেকার, অনিল কুম্বলে এবং এজাজ প্যাটেল। এই তিনজনই টেস্ট ক্রিকেটের এক ইনিংসে ১০ উইকেট নেওয়ার অনন্য নজির গড়েছেন।

প্রথম শ্রেণির ক্রিকেটেও ১০ উইকেট নেওয়ার ঘটনা বিরল। এর মধ্যে সেরা বোলিং ফিগারের রেকর্ডটি হেডলি ভেরিটির। ১৯৩২ সালে কাউন্টি চ্যাম্পিয়নশিপে ইয়র্কশায়ারের হয়ে নটিংহামশায়ারের দ্বিতীয় ইনিংসে তিনি ১০ রানে ১০ উইকেট শিকার করেন।

তবে এর চেয়েও বিস্ময়কর রেকর্ড রয়েছে ক্রিকেট ইতিহাসে। স্বীকৃত ক্রিকেটের বাইরে শূন্য রানে ১০ উইকেট নেওয়ার ঘটনা লিপিবদ্ধ আছে প্রায় ২৫ বার। এই অনন্য কীর্তির তালিকায় জেনিংস টিউনের নাম বিশেষভাবে উল্লেখযোগ্য।

১৯২২ সালের ৬ মে ক্লিফে দলের হয়ে ইস্টরিংটনের বিপক্ষে খেলতে নেমে টিউন মাত্র ৫ ওভারে, ৫টি মেডেনসহ কোনো রান না দিয়ে ১০টি উইকেট তুলে নেন। প্রতিটি ব্যাটসম্যানই বোল্ড হন তাঁর ঘূর্ণিতে।

টিউনের এই কীর্তির বহু বছর পর, ১৯৯৪ সালে ইংল্যান্ডের ডারহামে বয়সভিত্তিক টুর্নামেন্টে অ্যালেক্স কেলি নামের এক ১৭ বছর বয়সী বোলারও শূন্য রানে ১০ উইকেট নেওয়ার দাবি তোলেন। পরবর্তীতে আরও দুজন বোলার এই ধরনের কীর্তি গড়লেও তারা সবাইকে বোল্ড করতে পারেননি।

এছাড়া প্রথম শ্রেণির ক্রিকেটে সব ব্যাটসম্যানকে বোল্ড করার বিরল উদাহরণও রয়েছে। ক্রিকেট ইতিহাসে এমন একটি কীর্তি রয়েছে জন উইজডেনের নামেও, যিনি ১৮৫০ সালে লর্ডসে সাউথ দলের বিপক্ষে নর্থের হয়ে খেলতে নেমে প্রতিপক্ষের সব ব্যাটসম্যানকে বোল্ড করেছিলেন।

যদিও সেই সময়ের স্কোরকার্ডে বিস্তারিত তথ্য সংরক্ষিত ছিল না, তবে সেই ম্যাচে সাউথ ৭৬ রানে অলআউট হয় এবং উইজডেনের দল ইনিংস ও ১৯ রানে জয় পায়। ম্যাচটি তিন দিনের নির্ধারিত সময় থাকলেও এক দিনেই শেষ হয়ে যায়। ক্রিকেট ইতিহাসের পাতায় এসব কীর্তি আজও বিস্ময়ের সঙ্গে স্মরণ করা হয়, যা বোলারদের অসাধারণ দক্ষতার এক অনন্য সাক্ষ্য বহন করে।