মধ্যপ্রাচ্যের দেশ কুয়েত-এ গোপনে গাঁজা চাষের একটি আস্তানা শনাক্ত করে চারজনকে আটক করেছে দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়। বিশেষ অভিযানের মাধ্যমে আধুনিক প্রযুক্তিনির্ভর ইনডোর পদ্ধতিতে পরিচালিত এই চাষাবাদের সন্ধান পাওয়া যায়।
স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানায়, গোয়েন্দা নজরদারি ও আইনি অনুমতির ভিত্তিতে পরিচালিত অভিযানে এক সন্দেহভাজনের বাসায় অভিযান চালানো হয়। সেখানে উন্নত প্রযুক্তিসম্পন্ন ইনডোর গাঁজা চাষের ব্যবস্থা পাওয়া যায়, যা দীর্ঘদিন ধরে গোপনে পরিচালিত হচ্ছিল বলে ধারণা করা হচ্ছে।
অভিযান চলাকালে ঘটনাস্থল থেকে ৭০টি গাঁজার চারা এবং প্রায় ১ কেজি প্রস্তুতকৃত গাঁজা জব্দ করা হয়। পাশাপাশি একটি আগ্নেয়াস্ত্র ও গুলিও উদ্ধার করা হয়েছে, যা ঘটনাটির গুরুত্ব আরও বাড়িয়ে দিয়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।
আটক ব্যক্তিরা প্রাথমিক জিজ্ঞাসাবাদে তাদের বিরুদ্ধে আনা অভিযোগ স্বীকার করেছে বলে জানা গেছে। পরে তাদের এবং জব্দ করা আলামত পরবর্তী আইনি প্রক্রিয়ার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়েছে।
স্বরাষ্ট্র মন্ত্রণালয় আরও জানায়, কুয়েতে কার্যকর নতুন মাদকবিরোধী আইনে মাদক চাষ ও পাচারকে গুরুতর অপরাধ হিসেবে গণ্য করা হয়। এসব অপরাধে যাবজ্জীবন কারাদণ্ড থেকে শুরু করে সর্বোচ্চ মৃত্যুদণ্ড পর্যন্ত শাস্তির বিধান রয়েছে। এছাড়া বড় অঙ্কের আর্থিক জরিমানার ব্যবস্থাও রয়েছে।কর্তৃপক্ষ বলছে, দেশে মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে এবং এ ধরনের অপরাধ দমনে কঠোর অবস্থান বজায় রাখা হবে।
আপনার মতামত লিখুন :