
নেত্রকোনার কলমাকান্দা উপজেলায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ভারতীয় পণ্যসহ একটি ট্রাক জব্দ করেছে পুলিশ। এ ঘটনায় ট্রাকের চালক ও হেলপারকে আটক করা হয়েছে।
বুধবার (৬ মে) ভোরে নাজিরপুর–রাঙ্গামাটিয়া ব্রিজ এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। কলমাকান্দা থানার উপ-পরিদর্শক (এসআই) মো. আবু হানিফা ও পুলিশের একটি দল ঢাকা মেট্রো ড-১৪৫৫৬৮ নম্বরের ট্রাকটি তল্লাশি করে কাঠের তুষের বস্তার আড়ালে লুকানো ১৮টি প্লাস্টিক বস্তা থেকে বিভিন্ন ধরনের ভারতীয় পণ্য জব্দ করে।
জব্দকৃত পণ্যের মধ্যে রয়েছে ডেনভার বডি স্প্রে ১,৬৮০ পিস, অলিভ অয়েল (১০০ এমএল) ২১০ পিস, (২০০ এমএল) ১২০ পিস, (৩০০ এমএল) ৯০ পিস এবং অ্যাডাল্ট শ্যাম্পু (৭২ এমএল) ৪০ প্যাকেট। পুলিশ জানিয়েছে, এসব পণ্যের আনুমানিক মূল্য প্রায় ২০ লাখ ৫৮ হাজার টাকা।
প্রাথমিক তদন্তে জানা যায়, সীমান্তবর্তী লেংগুরা এলাকা থেকে অবৈধভাবে এসব পণ্য এনে নেত্রকোনা শহরের দিকে নেওয়া হচ্ছিল।
অভিযানে ট্রাকচালক নাজিরপুর ইউনিয়নের শিংপুর গ্রামের মো. নাসিম (২৩) এবং হেলপার একই এলাকার মুনির হোসেন (১৯)কে আটক করা হয়। পরে তাদের কলমাকান্দা থানায় নিয়ে বিশেষ ক্ষমতা আইনে মামলা দায়ের করা হয়েছে।
পুলিশ আরও জানায়, এ চক্রের সঙ্গে জসীম নামে একজন মোটরসাইকেলযোগে পেছনে অনুসরণ করছিলেন। তাকে গ্রেফতারে অভিযান চলছে। কলমাকান্দা থানার ওসি মো. সিদ্দিক হোসেন বলেন, মাদক, চোরাচালান ও অবৈধ কর্মকাণ্ডের বিরুদ্ধে নিয়মিত অভিযান অব্যাহত থাকবে। কেউই আইনের বাইরে নয়।
অন্যদিকে স্থানীয় কয়েকজনের দাবি, ঘটনাটি ঘিরে কিছু প্রশ্ন রয়েছে এবং রাতের সময়সূচি ও অভিযানের পরিস্থিতি নিয়ে এলাকায় আলোচনা চলছে। তবে পুলিশ এসব অভিযোগ অস্বীকার করে জানিয়েছে, অভিযান ছিল সম্পূর্ণ কৌশলগত ও সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে পরিচালিত।
আপনার মতামত লিখুন :