আসন্ন ঈদুল আজহা উপলক্ষে কুরবানির পশুর হাটকে কেন্দ্র করে কোনো ধরনের চাঁদাবাজি বরদাশত করা হবে না বলে কঠোর হুঁশিয়ারি দিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম। তিনি বলেন, চাঁদাবাজির কোনো ঘটনা ঘটলে সঙ্গে সঙ্গে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
বুধবার (৬ মে) সকালে রাজধানীর গাবতলি পশুর হাট পরিদর্শন শেষে তিনি এসব কথা বলেন। প্রতিমন্ত্রী জানান, কুরবানির পশু আনা-নেয়ার সময় সড়কে চাঁদাবাজি রোধে সরকার কঠোর অবস্থানে থাকবে। এ ধরনের কোনো অভিযোগ পাওয়া গেলে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে বলেও তিনি আশ্বাস দেন।
তিনি আরও বলেন, কুরবানিকে ঘিরে যানজট নিয়ন্ত্রণ ও শৃঙ্খলা বজায় রাখতে আগে থেকেই পরিকল্পনা নেওয়া হয়েছে। এর অংশ হিসেবে রেললাইন ও সড়কের পাশে কোনোভাবেই পশুর হাট বসাতে দেওয়া হবে না। পশু পরিবহনের সময় যাতে সাধারণ মানুষের ভোগান্তি ও যানজট না হয়, সে বিষয়েও বিশেষ নজর রাখা হবে।
নিরাপত্তা ব্যবস্থার বিষয়ে মীর শাহে আলম জানান, হাটগুলোর সার্বিক নিরাপত্তায় আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা দায়িত্ব পালন করবেন। পুলিশের পাশাপাশি র্যাব ও সেনাবাহিনীও মাঠে থাকবে। একই সঙ্গে ইজারাদারদের নিজস্ব স্বেচ্ছাসেবক দল হাট ব্যবস্থাপনায় সহযোগিতা করবে।
তিনি বলেন, বিভিন্ন পক্ষ থেকে পাওয়া সুপারিশ বাস্তবায়নের উদ্যোগ নেওয়া হয়েছে এবং সে অনুযায়ী ইজারাদার ও প্রশাসন সমন্বিতভাবে কাজ করবে। হাট এলাকায় ওয়াচটাওয়ার স্থাপনসহ নকল টাকা ব্যবহার রোধে বিশেষ ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি।
আপনার মতামত লিখুন :