এক শর্তে বিজয়কে সমর্থন দিল কংগ্রেস


অনলাইন ডেস্ক প্রকাশের সময় : মে ৬, ২০২৬, ৭:২৬ অপরাহ্ণ
এক শর্তে বিজয়কে সমর্থন দিল কংগ্রেস

তামিলনাড়ুর সাম্প্রতিক বিধানসভা নির্বাচনে জয়ের পর অভিনেতা বিজয় থালাপতির দল তামিলাগা ভেট্টরি কাজাগাম (টিভিকে)-কে সরকার গঠনে সমর্থন দেওয়ার ঘোষণা দিয়েছে কংগ্রেস। তবে এই সমর্থনকে শর্তসাপেক্ষ করে রাজনৈতিক অঙ্গনে নতুন আলোচনা তৈরি করেছে দলটি।

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, কংগ্রেস জানিয়েছে—টিভিকে যদি সরকার গঠন করতে চায়, তবে জোটে বিজেপি বা বিজেপি-সমর্থিত কোনো দল থাকতে পারবে না। এই শর্ত পূরণ না হলে কংগ্রেস তাদের সমর্থন প্রত্যাহার করবে।

তামিলনাড়ু কংগ্রেসের দায়িত্বপ্রাপ্ত নেতা গিরিশ চোডাঙ্কারের বিবৃতিতে বলা হয়, তামিলনাড়ু প্রদেশ কংগ্রেস কমিটি এবং কংগ্রেস বিধানসভা দল টিভিকে-কে সরকার গঠনে পূর্ণ সমর্থন দিতে প্রস্তুত। তবে এই সমর্থন পুরোপুরি নির্ভর করবে জোটের রাজনৈতিক অবস্থানের ওপর।

নির্বাচনে টিভিকে ১০৭টি আসনে জয় পেয়েছে। কংগ্রেসের পাঁচজন বিধায়কের সমর্থন যোগ হলে মোট আসন দাঁড়াবে ১১২-তে। কিন্তু সরকার গঠনের জন্য প্রয়োজন ১১৮টি আসন। ফলে টিভিকে-কে আরও অন্তত ছয়জন বিধায়কের সমর্থন নিশ্চিত করতে হবে।

এ অবস্থায় বিজয়ের দল অন্যান্য রাজনৈতিক শক্তির সঙ্গেও আলোচনা চালিয়ে যাচ্ছে। এর মধ্যে রয়েছে বিদুথালাই চিরুথাইগল কাতচি (ভিসিকে), ভারতীয় কমিউনিস্ট পার্টি (সিপিআই) এবং সিপিআই (মার্ক্সিস্ট) বা সিপিএম। এসব দলের সমর্থন পেলে টিভিকে-এর আসন সংখ্যা ১১৯-এ পৌঁছাতে পারে, যা সরকার গঠনের জন্য যথেষ্ট।

এদিকে টিভিকে সূত্র জানিয়েছে, চেন্নাইয়ে দলটির নেতারা ইতোমধ্যে এআইএডিএমকে প্রধান এডাপ্পাডি কে. পালানিস্বামী’র সঙ্গে বৈঠক করেছেন। উল্লেখ্য, এআইএডিএমকে বর্তমানে বিজেপির সঙ্গে জোটে রয়েছে। এই বৈঠককে কেন্দ্র করে রাজ্যের রাজনৈতিক অঙ্গনে নতুন জল্পনা তৈরি হয়েছে।

কংগ্রেস আরও জানিয়েছে, টিভিকে-র সঙ্গে তাদের সম্পর্ক শুধু সরকার গঠনের মধ্যে সীমাবদ্ধ থাকবে না। ভবিষ্যতে স্থানীয় সরকার নির্বাচন, লোকসভা ও রাজ্যসভা নির্বাচনেও পারস্পরিক সহযোগিতার ভিত্তিতে কাজ করার ইচ্ছা রয়েছে তাদের। ফলে তামিলনাড়ুর রাজনীতিতে নতুন জোট সমীকরণের সম্ভাবনা তৈরি হয়েছে বলে মনে করছেন বিশ্লেষকরা।