
বিশ্বের বিভিন্ন দেশে জ্যোতির্বৈজ্ঞানিক হিসাব অনুযায়ী আসন্ন পবিত্র ঈদুল আজহার সম্ভাব্য তারিখ ঘোষণা করা হয়েছে। মধ্যপ্রাচ্যসহ কয়েকটি দেশ ইতোমধ্যে জানিয়েছে, আগামী ২৭ মে ঈদ উদযাপিত হতে পারে। তবে চূড়ান্ত সিদ্ধান্ত নির্ভর করবে চাঁদ দেখার ওপর।
সৌদি আরবের সরকারি ক্যালেন্ডার ‘উম আল কুরা’ অনুযায়ী, আগামী ১৬ মে দেশটিতে জিলকদ মাসের ২৯তম দিন হবে। পরদিন ১৭ মে জিলকদ মাসের ৩০তম দিন পূর্ণ হবে। এই হিসাব অনুযায়ী ১৮ মে থেকে জিলহজ মাস শুরু হওয়ার সম্ভাবনা রয়েছে। ফলে ১০ জিলহজ অর্থাৎ ঈদুল আজহা পালিত হতে পারে ২৭ মে। সৌদি আরব সাধারণত চাঁদ দেখা ও ক্যালেন্ডার ভিত্তিক এই পূর্বাভাস অনুযায়ী ধর্মীয় দিনগুলো নির্ধারণ করে থাকে।
পাকিস্তানের জ্যোতির্বিজ্ঞানীরাও একই মত প্রকাশ করেছেন। তাদের পূর্বাভাস অনুযায়ী আগামী ২৭ মে দেশটিতে ঈদুল আজহা উদযাপিত হতে পারে। অন্যদিকে যুক্তরাজ্য ও ইউরোপে মুসলিম সম্প্রদায়ের জন্য ঈদের সম্ভাব্য তারিখ নির্ধারণে চাঁদ দেখার বিষয়টিকে গুরুত্ব দেওয়া হচ্ছে। সেখানে ২৭ মে বুধবার বা ২৮ মে বৃহস্পতিবার ঈদ হতে পারে বলে জানিয়েছে আন্তর্জাতিক মুসলিম গণমাধ্যম হাইফেন অনলাইন।
সংযুক্ত আরব আমিরাতের জ্যোতির্বৈজ্ঞানিক হিসাব অনুযায়ী, হজের আরাফাতের দিন পড়তে পারে ২৬ মে এবং পরদিন ২৭ মে ঈদুল আজহা পালিত হওয়ার সম্ভাবনা রয়েছে।
প্রথাগতভাবে মধ্যপ্রাচ্যের দেশগুলোর একদিন পর বাংলাদেশে ঈদ উদযাপিত হয়। সেই ধারাবাহিকতায় বাংলাদেশে সম্ভাব্য ঈদুল আজহার দিন নির্ধারণ করা হতে পারে ২৮ মে। তবে দেশের জাতীয় চাঁদ দেখা কমিটি চূড়ান্ত সিদ্ধান্ত ঘোষণা করবে।
ইসলামী বর্ষপঞ্জি অনুযায়ী, জিলকদ মাসের পর আসে জিলহজ মাস। এই মাসের ১০ তারিখেই বিশ্বজুড়ে মুসলমানরা পবিত্র ঈদুল আজহা উদযাপন করে থাকেন। তবে চাঁদ দেখা সাপেক্ষেই নির্ধারিত হবে আসল তারিখ, যা নিয়ে আনুষ্ঠানিক ঘোষণা দেবে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
আপনার মতামত লিখুন :