ইরানের রাজধানী তেহরানের পশ্চিমে আন্দিশেহ শহরের একটি শপিং কমপ্লেক্সে ভয়াবহ অগ্নিকাণ্ডে অন্তত ৮ জন নিহত এবং আরও ৩৬ জন আহত হয়েছেন বলে স্থানীয় গণমাধ্যম জানিয়েছে।
মঙ্গলবার (৫ মে) আন্তর্জাতিক সংবাদমাধ্যম আল জাজিরার প্রতিবেদনে এ তথ্য উঠে আসে। এতে বলা হয়, আন্দিশেহর আরঘাভান শপিং সেন্টারে আগুন লাগার পর তা দ্রুত পুরো ভবনে ছড়িয়ে পড়ে।
ইরানের বিচার বিভাগীয় পত্রিকা মিজানের তথ্য অনুযায়ী, ভবনটির বহির্ভাগে দাহ্য ক্ল্যাডিং ব্যবহারের কারণে আগুন দ্রুত বিস্তার লাভ করে। এতে উদ্ধার কার্যক্রমও জটিল হয়ে পড়ে।
রাষ্ট্রীয় সংবাদ সংস্থা ইরনা-সহ বিভিন্ন মাধ্যমে প্রকাশিত ভিডিওতে দেখা যায়, আগুনে পুরো ভবনটি মুহূর্তেই গ্রাস হয়ে যায় এবং চারদিকে ঘন ধোঁয়া ছড়িয়ে পড়ে। এদিকে রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম ইরিব জানিয়েছে, এ ঘটনার জন্য দায়ীদের চিহ্নিত করে দ্রুত গ্রেপ্তারের নির্দেশ দেওয়া হয়েছে। পাশাপাশি ভবনটির নির্মাণপ্রক্রিয়া ও নিরাপত্তা ব্যবস্থার ঘাটতি খতিয়ে দেখতে নির্মাতাকেও তদন্তের আওতায় আনার কথা বলা হয়েছে।
অগ্নিকাণ্ডের পরপরই ফায়ার সার্ভিস ও জরুরি সেবা কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনার পাশাপাশি আহতদের উদ্ধার করে নিকটবর্তী হাসপাতালে পাঠায়। আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে। কর্তৃপক্ষ জানিয়েছে, আগুন লাগার সঠিক কারণ অনুসন্ধানে তদন্ত চলছে। হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
আপনার মতামত লিখুন :