ইরানের বিরুদ্ধে ‘অপারেশন এপিক ফিউরি’ শেষ: মার্কো রুবিও


অনলাইন ডেস্ক প্রকাশের সময় : মে ৬, ২০২৬, ৪:০৪ অপরাহ্ণ
ইরানের বিরুদ্ধে ‘অপারেশন এপিক ফিউরি’ শেষ: মার্কো রুবিও

ইরানের বিরুদ্ধে পরিচালিত যুক্তরাষ্ট্রের সামরিক অভিযান ‘অপারেশন এপিক ফিউরি’ সমাপ্ত হয়েছে বলে জানিয়েছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও। তিনি জানান, এখন থেকে যুক্তরাষ্ট্র প্রতিরক্ষামূলক নতুন ধাপে প্রবেশ করছে, যার মূল লক্ষ্য হরমুজ প্রণালির নিরাপত্তা নিশ্চিত করা এবং আন্তর্জাতিক নৌপথ সচল রাখা।

মঙ্গলবার (৫ মে) হোয়াইট হাউসে আয়োজিত এক সংবাদ সম্মেলনে রুবিও বলেন, “অপারেশনটি তার লক্ষ্য পূরণ করেছে। এখন আমরা একটি প্রতিরক্ষামূলক ধাপে যাচ্ছি।” তিনি আরও জানান, হরমুজ প্রণালি পুনরায় উন্মুক্ত ও নিরাপদ রাখতে এই কৌশলগত পরিবর্তন আনা হয়েছে।

তবে একই দিনে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সামাজিক যোগাযোগমাধ্যমে জানিয়েছেন, নতুন প্রতিরক্ষামূলক উদ্যোগ ‘প্রজেক্ট ফ্রিডম’ সাময়িকভাবে স্থগিত রাখা হয়েছে। পাকিস্তানসহ কয়েকটি দেশের অনুরোধে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে, যাতে ইরানের সঙ্গে একটি সম্ভাব্য চূড়ান্ত সমঝোতার পথ তৈরি হয়।

যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ সতর্ক করে বলেছেন, ইরান যদি বাণিজ্যিক জাহাজে হামলা চালানো অব্যাহত রাখে, তবে তার কঠোর পরিণতি ভোগ করতে হবে। তবে তিনি দাবি করেন, বর্তমান যুদ্ধবিরতি এখনো কার্যকর রয়েছে।

এদিকে জয়েন্ট চিফস অব স্টাফের চেয়ারম্যান জেনারেল ড্যান কেইন জানান, যুদ্ধবিরতির পরও ইরান অন্তত ৯ বার বাণিজ্যিক জাহাজে হামলা চালিয়েছে, দুটি জাহাজ জব্দ করেছে এবং ১০ বারের বেশি মার্কিন বাহিনীর ওপর আক্রমণ চালিয়েছে। যদিও এসব ঘটনা এখনো পূর্ণমাত্রার সংঘাতে রূপ নেয়নি।

হরমুজ প্রণালিকে ঘিরে চলমান উত্তেজনার কারণে পারস্য উপসাগরে প্রায় ১ হাজার ৫৫০টির বেশি জাহাজ আটকা পড়েছে, যা বৈশ্বিক বাণিজ্যে বড় ধরনের বিঘ্ন সৃষ্টি করছে। জ্বালানির দাম ও পরিবহন ব্যয় বৃদ্ধির আশঙ্কাও বাড়ছে।

অন্যদিকে ইরানের পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ ঘালিবাফ যুক্তরাষ্ট্র ও তার মিত্রদের বিরুদ্ধে যুদ্ধবিরতি লঙ্ঘনের অভিযোগ এনে বলেন, হরমুজ প্রণালিতে নতুন শক্তির ভারসাম্য তৈরি হচ্ছে।

সংযুক্ত আরব আমিরাত জানিয়েছে, তাদের প্রতিরক্ষা ব্যবস্থা ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা প্রতিহত করতে সক্রিয় রয়েছে এবং যুদ্ধবিরতির পরও তারা হামলার মুখে পড়ছে।

যুক্তরাষ্ট্র দাবি করেছে, তাদের নৌবাহিনীর নিরাপত্তায় ইতোমধ্যে দুটি বাণিজ্যিক জাহাজ সফলভাবে হরমুজ প্রণালী অতিক্রম করেছে। ওয়াশিংটন এই উদ্যোগকে বৈশ্বিক বাণিজ্যের জন্য গুরুত্বপূর্ণ সহায়তা হিসেবে উল্লেখ করেছে।

পররাষ্ট্রমন্ত্রী রুবিও বলেন, ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে আলোচনায় এখনও উল্লেখযোগ্য অগ্রগতি না হলেও যুক্তরাষ্ট্র কূটনৈতিক সমাধানকেই অগ্রাধিকার দিচ্ছে।