আরব সাগরে বিপদে ভারতীয় জাহাজ, উদ্ধার অভিযানে পাকিস্তান নৌবাহিনী


অনলাইন ডেস্ক প্রকাশের সময় : মে ৬, ২০২৬, ৪:০৭ অপরাহ্ণ
আরব সাগরে বিপদে ভারতীয় জাহাজ, উদ্ধার অভিযানে পাকিস্তান নৌবাহিনী

আরব সাগরে যান্ত্রিক ত্রুটির কারণে আটকে পড়া একটি ভারতীয় বাণিজ্যিক জাহাজের বিপদ সংকেতে দ্রুত সাড়া দিয়ে উদ্ধার ও সহায়তা কার্যক্রম চালিয়েছে পাকিস্তান নৌবাহিনী। মানবিক দৃষ্টিকোণ থেকে পরিচালিত এই অভিযানে জাহাজটির ক্রুদের নিরাপত্তা নিশ্চিত করা হয়েছে।

পাকিস্তানি সামরিক বাহিনীর এক বিবৃতিতে জানানো হয়, ‘এমভি গৌতম’ নামের জাহাজটি ওমান থেকে ভারতের পথে যাওয়ার সময় গুরুতর যান্ত্রিক সমস্যায় পড়ে সমুদ্রে অচল হয়ে যায়। পরিস্থিতি গুরুতর হলে জাহাজটি থেকে বিপদ সংকেত পাঠানো হয়।

এ ঘটনায় ভারতের মুম্বাইভিত্তিক মেরিটাইম রেসকিউ অ্যান্ড কো-অর্ডিনেশন সেন্টার (এমআরসিসি) পাকিস্তানের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করে সহায়তা চায়। পরে পাকিস্তান নৌবাহিনী দ্রুত সাড়া দিয়ে ‘পিএমএসএস কাশ্মীর’ নামের একটি জাহাজ ঘটনাস্থলে পাঠায়।

উদ্ধার অভিযানে অংশ নিয়ে পাকিস্তান নৌবাহিনীর সদস্যরা জাহাজটির ক্রুদের খাদ্য, চিকিৎসা ও প্রয়োজনীয় প্রযুক্তিগত সহায়তা প্রদান করেন। জাহাজটিতে ছয়জন ভারতীয় এবং একজন ইন্দোনেশীয় নাগরিক ছিলেন বলে জানা গেছে। বর্তমানে জাহাজটির অবস্থা স্থিতিশীল এবং সব ক্রু নিরাপদে রয়েছেন।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে প্রকাশিত একটি ভিডিওতে উদ্ধার অভিযানের দৃশ্য দেখা গেছে, যেখানে পাকিস্তান নৌবাহিনীর সদস্যদের সক্রিয়ভাবে সহায়তা করতে দেখা যায়।

এর আগে গত মাসেও উত্তর আরব সাগরে ‘এমভি গোল্ড অটাম’ নামের আরেকটি বাণিজ্যিক জাহাজ থেকে বিপদ সংকেত পেয়ে ১৮ জন নাবিককে উদ্ধার করে পাকিস্তান নৌবাহিনী। ওই জাহাজের ক্রুদের মধ্যে চীন, বাংলাদেশ, মিয়ানমার, ভিয়েতনাম ও ইন্দোনেশিয়ার নাগরিক ছিলেন।

পাকিস্তান নৌবাহিনী জানিয়েছে, আন্তর্জাতিক সমুদ্রসীমায় বিপদে পড়া জাহাজগুলোর সহায়তায় তারা সবসময় প্রস্তুত রয়েছে এবং মানবিক সহায়তা প্রদানে প্রতিশ্রুতিবদ্ধ।