
আন্তর্জাতিক বাজারে আবারও ঊর্ধ্বমুখী প্রবণতা দেখা দিয়েছে স্বর্ণের দামে। মার্কিন ডলারের দরপতন এবং মধ্যপ্রাচ্যে শান্তি আলোচনার সম্ভাবনা ঘিরে বৈশ্বিক বিনিয়োগকারীদের ঝুঁকিমুক্ত সম্পদের দিকে ঝোঁকার কারণে একদিনেই স্বর্ণের দাম ২ শতাংশের বেশি বেড়েছে।
বুধবার (৬ মে) বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়েছে।
প্রতিবেদনের তথ্য অনুযায়ী, বিশ্ববাজারে স্পট গোল্ডের দাম বেড়ে প্রতি আউন্স ৪ হাজার ৬৪৭ দশমিক ০৯ ডলারে পৌঁছেছে। একই সময়ে যুক্তরাষ্ট্রের জুন মাসে সরবরাহের জন্য স্বর্ণ ফিউচারসের দামও বৃদ্ধি পেয়ে দাঁড়িয়েছে প্রায় ৪ হাজার ৬৫৮ ডলারে।
বিশ্লেষকদের মতে, বৈশ্বিক অর্থনীতিতে অনিশ্চয়তা ও ভূরাজনৈতিক উত্তেজনা বিনিয়োগকারীদের নিরাপদ আশ্রয় হিসেবে স্বর্ণের দিকে আরও বেশি আকৃষ্ট করছে। বিশেষ করে ডলারের মূল্য কমে যাওয়ায় স্বর্ণে বিনিয়োগ তুলনামূলকভাবে আরও লাভজনক হয়ে উঠেছে, যা দাম বৃদ্ধিতে বড় ভূমিকা রাখছে।
মধ্যপ্রাচ্যে চলমান পরিস্থিতি নিয়ে নতুন করে শান্তি আলোচনার সম্ভাবনা তৈরি হওয়ায় বাজারে কিছুটা অস্থিরতা দেখা দিলেও, বিনিয়োগকারীরা এখনো সতর্ক অবস্থানে রয়েছেন। এর ফলে স্বর্ণের চাহিদা আন্তর্জাতিক বাজারে বাড়তে শুরু করেছে।
অর্থনৈতিক বিশ্লেষকরা বলছেন, বৈশ্বিক মুদ্রানীতি, সুদের হার এবং ভূরাজনৈতিক পরিস্থিতি স্বর্ণের বাজারকে সরাসরি প্রভাবিত করছে। ফলে স্বল্পমেয়াদে স্বর্ণের দামে ওঠানামা থাকলেও দীর্ঘমেয়াদে এটি আরও শক্তিশালী অবস্থানে যেতে পারে বলে ধারণা করা হচ্ছে।
অন্যদিকে, বিনিয়োগকারীরা ডলারভিত্তিক সম্পদের পরিবর্তে নিরাপদ বিনিয়োগ হিসেবে স্বর্ণের দিকে ঝুঁকছেন, যা বাজারে চাহিদা বাড়িয়ে দিচ্ছে। এতে করে আন্তর্জাতিক বাজারে স্বর্ণের দাম ধারাবাহিকভাবে ঊর্ধ্বমুখী প্রবণতা বজায় রাখতে পারে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
বিশ্ববাজারের এই পরিবর্তনের প্রভাব স্থানীয় বাজারেও পড়তে পারে বলে ধারণা করা হচ্ছে, বিশেষ করে স্বর্ণের দাম ও গহনার বাজারে এর প্রতিফলন দেখা যেতে পারে।
আপনার মতামত লিখুন :