অবৈধ অস্ত্র উদ্ধার ও ভুয়া মামলা প্রত্যাহারে কঠোর অবস্থানে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী


অনলাইন ডেস্ক প্রকাশের সময় : মে ৬, ২০২৬, ৬:৫৪ অপরাহ্ণ
অবৈধ অস্ত্র উদ্ধার ও ভুয়া মামলা প্রত্যাহারে কঠোর অবস্থানে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী

অবৈধ অস্ত্র উদ্ধার এবং ভুয়া ও হয়রানিমূলক মামলা প্রত্যাহারে সরকার কঠোর অবস্থান নিয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। বুধবার (৬ মে) দুপুরে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে জেলা প্রশাসক সম্মেলন ২০২৬-এর চতুর্থ দিনের তৃতীয় অধিবেশন শেষে সাংবাদিকদের তিনি এ তথ্য জানান।

মন্ত্রী বলেন, সম্মেলনে মাঠ প্রশাসনে শৃঙ্খলা রক্ষা, অবৈধ অস্ত্র উদ্ধার, হয়রানিমূলক মামলা প্রত্যাহার এবং আসন্ন ঈদুল আজহা উপলক্ষে নিরাপত্তা ব্যবস্থাসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে।

তিনি জানান, জাতীয় নির্বাচনকে সামনে রেখে প্রাক-নির্বাচনি সময়ে জমা নেওয়া লাইসেন্সকৃত আগ্নেয়াস্ত্র এখনো ফেরত দেওয়া হয়নি। এ বিষয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে নির্দেশনা দিয়ে সংশ্লিষ্টদের দ্রুত অস্ত্র ফেরত দেওয়ার জন্য চিঠি পাঠানো হয়েছে। তিনটি ক্যাটাগরিতে এসব অস্ত্র ফেরত দেওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে বলে জানান তিনি।

এছাড়া বর্তমানে প্রায় ১০ হাজার অবৈধ অস্ত্র উদ্ধারে সাঁড়াশি অভিযান জোরদার করার নির্দেশ দেওয়া হয়েছে বলেও জানান স্বরাষ্ট্রমন্ত্রী। একই সঙ্গে এসব অস্ত্র বাজেয়াপ্ত ও আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়াও চলমান থাকবে।

বিগত সরকারের সময়ে দায়ের হওয়া ‘গায়েবি’ ও ভুয়া মামলা নিয়ে সরকার কাজ করছে উল্লেখ করে তিনি বলেন, জেলা ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে গঠিত কমিটি এসব মামলা যাচাই-বাছাই করবে। ভুক্তভোগীরা প্রয়োজনীয় নথিপত্রসহ আবেদন করতে পারবেন এবং যাচাই শেষে সুপারিশ আইন মন্ত্রণালয়ে পাঠানো হবে। আইন অনুযায়ী মামলা প্রত্যাহারের ব্যবস্থা নেওয়া হবে।

আসন্ন ঈদুল আজহা উপলক্ষে নিরাপত্তা নিশ্চিত করতে সড়ক-মহাসড়ক ও রেললাইনের পাশে পশুর হাট বসতে না দেওয়ার সিদ্ধান্ত হয়েছে। বড় হাটগুলোতে জালনোট শনাক্তকরণ যন্ত্র থাকবে এবং পুলিশ বডি ক্যামেরা ব্যবহার করবে। ঈদের আগে পুলিশ সদর দপ্তরে কেন্দ্রীয় মনিটরিং সেল চালু করা হবে বলেও জানান তিনি।

এছাড়া চামড়া সংরক্ষণ, সীমান্ত নিরাপত্তা, মাদক ও অনলাইন জুয়া নিয়ন্ত্রণে সরকারের ‘জিরো টলারেন্স’ নীতির কথাও পুনর্ব্যক্ত করেন মন্ত্রী। প্রেস ব্রিফিংয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তা ও পুলিশের শীর্ষ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।