স্বাস্থ্যসেবা কোনো সুবিধা নয়, এটি মানুষের মৌলিক অধিকার: ডা. জুবাইদা


অনলাইন ডেস্ক প্রকাশের সময় : মে ৫, ২০২৬, ৬:২৬ অপরাহ্ণ
স্বাস্থ্যসেবা কোনো সুবিধা নয়, এটি মানুষের মৌলিক অধিকার: ডা. জুবাইদা

“স্বাস্থ্যসেবা কোনো সুবিধা নয়, এটি প্রতিটি মানুষের মৌলিক অধিকার”—এমন মন্তব্য করেছেন ডা. জুবাইদা রহমান। মঙ্গলবার (৫ মে) দুপুরে রাজধানীর কুর্মিটোলা জেনারেল হাসপাতালে ‘স্বাস্থ্যসেবায় সমতা প্রতিষ্ঠায় ঢাকা-১৭ আসনের নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়ন’ শীর্ষক মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, দেশের স্বাস্থ্যখাত দীর্ঘদিন ধরে অবহেলিত। সরকারি হাসপাতালগুলো অতিরিক্ত রোগীর চাপে সেবা দিতে হিমশিম খাচ্ছে, ফলে অনেক মানুষ মানসম্মত চিকিৎসা থেকে বঞ্চিত হচ্ছে।

তিনি আরও জানান, দেশের মোট স্বাস্থ্য ব্যয়ের প্রায় ৭২ শতাংশই রোগীদের নিজ পকেট থেকে বহন করতে হয়। এতে অসুস্থতা অনেক পরিবারের জন্য দারিদ্র্যের অন্যতম কারণ হয়ে দাঁড়িয়েছে। ঢাকা-১৭ আসনের নিম্নআয়ের জনগোষ্ঠীর প্রসঙ্গ তুলে তিনি বলেন, কড়াইল, ভাষানটেক ও সাততলা এলাকার মানুষ শহরের গুরুত্বপূর্ণ শ্রমশক্তি হিসেবে কাজ করছে—পোশাকশিল্প, নির্মাণসহ নানা খাতে তাদের অবদান রয়েছে। অথচ তারাই সবচেয়ে বেশি স্বাস্থ্যসেবার বাইরে রয়ে গেছে।

তিনি আরও উল্লেখ করেন, নিম্নআয়ের প্রায় ৪২.৬ শতাংশ মানুষ প্রতিদিনের স্বাস্থ্য সমস্যার জন্য স্থানীয় ফার্মেসির ওপর নির্ভর করেন, যা অনেক ক্ষেত্রে ঝুঁকিপূর্ণ চিকিৎসার দিকে ঠেলে দেয়। অসুস্থতা মানেই অনেকের জন্য আয় বন্ধ হয়ে যাওয়ার ভয়, তাই তারা অনেক সময় চিকিৎসা এড়িয়ে যান। স্থানীয় স্বেচ্ছাসেবীদের ভূমিকার ওপর গুরুত্ব দিয়ে তিনি বলেন, অনেক মানুষ এখনো জানেন না তাদের কাছেই সহজলভ্য হাসপাতাল ও সেবা রয়েছে। এ তথ্য ছড়িয়ে দিতে সবাইকে কাজ করতে হবে।

তিনি বলেন, লক্ষ্য হলো—ঢাকা-১৭ এলাকার কেউ যেন চিকিৎসা সেবা থেকে বঞ্চিত না থাকেন। এখানে স্বাস্থ্যসেবা সম্পূর্ণ বিনামূল্যে নিশ্চিত করার উদ্যোগ নেওয়া হয়েছে বলেও তিনি উল্লেখ করেন। এদিন কুর্মিটোলা জেনারেল হাসপাতালে আয়োজিত অনুষ্ঠানে তিনি ৫০ শয্যার আইসিইউ ইউনিট, প্যাথলজি প্যাভিলিয়ন এবং গ্যাস্ট্রোলিভার সেন্টারের উদ্বোধন করেন। পরে তিনি আইসিইউতে ভর্তি রোগীদের খোঁজখবর নেন এবং চিকিৎসাসেবার মান নিয়ে সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলেন।