রোহিঙ্গাদের জীবনমান উন্নয়নে আন্তর্জাতিক সহায়তা চাইলেন স্বরাষ্ট্রমন্ত্রী


অনলাইন ডেস্ক প্রকাশের সময় : মে ৫, ২০২৬, ৬:৩৫ অপরাহ্ণ
রোহিঙ্গাদের জীবনমান উন্নয়নে আন্তর্জাতিক সহায়তা চাইলেন স্বরাষ্ট্রমন্ত্রী

বাংলাদেশে আশ্রয়প্রাপ্ত রোহিঙ্গা শরণার্থীদের জীবনমান উন্নয়নে আন্তর্জাতিক সহায়তা বৃদ্ধির আহ্বান জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। মঙ্গলবার (৫ মে) বাংলাদেশ সচিবালয়ে জাতিসংঘ শরণার্থী বিষয়ক সংস্থা (ইউএনএইচসিআর)-এর কান্ট্রি রিপ্রেজেন্টেটিভ ইভো ফ্রেইসেনের সঙ্গে এক বৈঠকে তিনি এ আহ্বান জানান। বৈঠকে রোহিঙ্গা জনগোষ্ঠীর বর্তমান পরিস্থিতি, আন্তর্জাতিক অর্থায়নের ঘাটতি এবং প্রত্যাবাসন প্রক্রিয়া নিয়ে আলোচনা হয়।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, বাংলাদেশ বিশ্বের অন্যতম ঘনবসতিপূর্ণ দেশ হওয়া সত্ত্বেও মানবিক কারণে বিপুল সংখ্যক রোহিঙ্গাকে আশ্রয় দিয়েছে। তবে বর্তমানে আন্তর্জাতিক তহবিল উল্লেখযোগ্যভাবে কমে যাওয়ায় সংকট আরও জটিল হয়ে উঠছে বলে তিনি উদ্বেগ প্রকাশ করেন।

তিনি আরও বলেন, রোহিঙ্গাদের জীবনমান উন্নয়নে আন্তর্জাতিক সহায়তা বৃদ্ধি এখন জরুরি প্রয়োজন। পাশাপাশি বাংলাদেশের সীমিত ভূ-প্রাকৃতিক ও আর্থ-সামাজিক সক্ষমতার কারণে ক্যাম্প সম্প্রসারণও কঠিন হয়ে পড়েছে। এ অবস্থায় রোহিঙ্গাদের নিরাপদ, মর্যাদাপূর্ণ ও স্বেচ্ছায় প্রত্যাবাসনের ওপর গুরুত্ব দিতে হবে।

বৈঠকে বৈশ্বিক পরিস্থিতির প্রভাব নিয়েও আলোচনা হয়। গাজা সংকট, ইউক্রেন যুদ্ধসহ আন্তর্জাতিক ইস্যুগুলোর কারণে রোহিঙ্গা সংকট যেন আন্তর্জাতিক অগ্রাধিকারের বাইরে না চলে যায়, সে বিষয়ে সতর্ক করেন মন্ত্রী। তিনি এ ইস্যুকে বৈশ্বিক প্ল্যাটফর্মে আরও গুরুত্ব দিয়ে তুলে ধরার জন্য জাতিসংঘ ও ইউএনএইচসিআরকে আহ্বান জানান। আগামী ২০ মে অনুষ্ঠিতব্য রোহিঙ্গা শরণার্থী বিষয়ক ‘জয়েন্ট রেসপন্স প্ল্যান’ উপস্থাপনা অনুষ্ঠানে অংশ নিতে স্বরাষ্ট্রমন্ত্রীকে আমন্ত্রণ জানান ইউএনএইচসিআর প্রতিনিধি ইভো ফ্রেইসেন।

বৈঠকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারাও উপস্থিত ছিলেন। তারা রোহিঙ্গা ক্যাম্প ব্যবস্থাপনা, নিরাপত্তা ও মানবিক সহায়তা কার্যক্রম নিয়ে বিভিন্ন দিক তুলে ধরেন। বিশ্লেষকদের মতে, আন্তর্জাতিক সহায়তা কমে গেলে রোহিঙ্গা সংকট ব্যবস্থাপনা আরও চ্যালেঞ্জিং হয়ে উঠবে, যা আঞ্চলিক স্থিতিশীলতার ওপরও প্রভাব ফেলতে পারে।