
ভোলা সদর উপজেলার ভেলুমিয়া ইউনিয়নে বিএনপির নাম ব্যবহার করে পাঁচ লাখ টাকা চাঁদা দাবি এবং তা না দেওয়ায় এক সংখ্যালঘু পরিবারের জমি দখলের চেষ্টার অভিযোগ উঠেছে। এ ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে।
গত সোমবার (৪ মে) সরেজমিনে জানা যায়, উপজেলার ভেলুমিয়া ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের মধ্য বাঘমারা এলাকার বাসিন্দা সুধাংশ চন্দ্র দাস প্রায় ৩০-৩৫ বছর আগে জেবল হকের কাছ থেকে ২৪ শতাংশ জমি ক্রয় করে ভোগদখলে রয়েছেন। জমিটির দাগ নম্বর ৯৪৩/১২৮০ এবং খতিয়ান নম্বর ৫৬১। প্রায় ১৩-১৪ বছর আগে তিনি সেখানে বসতঘর নির্মাণ করে পরিবার নিয়ে বসবাস শুরু করেন।
ভুক্তভোগী সুধাংশ চন্দ্র দাস অভিযোগ করেন, স্থানীয় কিছু প্রভাবশালী ব্যক্তি বিএনপির নাম ভাঙিয়ে তার কাছে পাঁচ লাখ টাকা চাঁদা দাবি করে। তিনি চাঁদা দিতে অস্বীকৃতি জানালে ইউনিয়ন কৃষকদলের এক নেতা ও স্থানীয় বিএনপির এক নেতার যোগসাজশে সোবহান রাড়ির নেতৃত্বে একটি দল তার জমি দখলের চেষ্টা চালায়। তাদের সঙ্গে আরও কয়েকজন সহযোগী ছিলেন বলেও অভিযোগ করেন তিনি।
তিনি জানান, গত কয়েকদিন ধরে অভিযুক্তরা তার জমিতে জোরপূর্বক প্রবেশ করে এবং কলাগাছ রোপণসহ বিভিন্ন কার্যক্রম শুরু করে। একপর্যায়ে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনলেও পরে রাতের আঁধারে আবার ঘরে বিদ্যুৎ সংযোগ দিয়ে দখলের চেষ্টা চালানো হয়।
স্থানীয় কয়েকজন বাসিন্দা জানান, দীর্ঘদিন ধরে সুধাংশ চন্দ্র দাস ওই জমি ভোগদখলে আছেন। হঠাৎ করে কিছু ব্যক্তি রাজনৈতিক প্রভাব খাটিয়ে জমিটি দখলের চেষ্টা করছে, যা এলাকায় উদ্বেগ সৃষ্টি করেছে। অভিযোগের বিষয়ে অভিযুক্ত সোবহান রাড়ি দাবি করেন, তিনি এ সংক্রান্ত একাধিক রায় পেয়েছেন। তবে কাগজপত্র যাচাইয়ে সংশ্লিষ্ট দাগে তার মালিকানার স্পষ্ট প্রমাণ পাওয়া যায়নি।
এ বিষয়ে ভোলা সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মনিরুল ইসলাম জানান, পুলিশ ঘটনাস্থলে গিয়ে দখল কার্যক্রম বন্ধ রাখতে নির্দেশ দিয়েছে। পরবর্তীতে কোনো পক্ষ আইন অমান্য করলে ভুক্তভোগীকে আদালতের শরণাপন্ন হওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। আদালতের নির্দেশনা অনুযায়ী পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি।
আপনার মতামত লিখুন :