
কুষ্টিয়ার দৌলতপুর উপজেলায় পল্লী চিকিৎসক জাহাঙ্গীর আলমের ওপর সন্ত্রাসী হামলা ও ছিনতাইয়ের ঘটনায় প্রতিবাদে মানববন্ধন করেছে স্থানীয় জনগণ ও পল্লী চিকিৎসকরা। এসময় জড়িতদের দ্রুত গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানানো হয়।
মঙ্গলবার (৫ মে) দুপুরে উপজেলার আল্লারদর্গা জয়ভোগা এলাকায় এ মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়। এতে বিভিন্ন পর্যায়ের পল্লী চিকিৎসক ও এলাকাবাসী অংশ নেন।
মানববন্ধনে দৌলতপুর উপজেলা পল্লী চিকিৎসক সমিতির সভাপতি সাইফুল ইসলাম শাহীন বলেন, সমিতির সদস্য জাহাঙ্গীর আলমের ওপর হামলা অত্যন্ত নিন্দনীয়। দ্রুত আসামিদের গ্রেফতার করে আইনের আওতায় না আনলে কঠোর কর্মসূচি দেওয়া হবে।
সমিতির কেন্দ্রীয় কমিটির সহসভাপতি মো. সুমন আলী বলেন, জাহাঙ্গীর আলম একজন সৎ ও নিরীহ মানুষ। তার ওপর এমন হামলা কোনোভাবেই মেনে নেওয়া যায় না। ঘটনার পরও অভিযুক্তরা প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে, যা উদ্বেগজনক।
আহতের ভাই ও পল্লী চিকিৎসক আবু সাঈদ অভিযোগ করে বলেন, আসামিরা এখনও এলাকায় ঘুরে বেড়াচ্ছে এবং তাদের পরিবারকে হুমকি দিচ্ছে। মামলা দায়েরের পরও পুলিশের কার্যকর পদক্ষেপ না থাকায় তারা আতঙ্কে রয়েছেন।
এলাকার বাসিন্দা আবদুর রশীদ মাস্টার বলেন, এ ধরনের ঘটনায় দ্রুত ও দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত না হলে অপরাধ বাড়তে পারে।
উল্লেখ্য, গত ২৮ এপ্রিল রাতে আল্লারদর্গা বাজার থেকে বাড়ি ফেরার পথে জয়ভোগা চাররাস্তার মোড়ে দুর্বৃত্তরা জাহাঙ্গীর আলমের ওপর হামলা চালায়। এতে তিনি গুরুতর আহত হন এবং তার কাছ থেকে টাকা ছিনিয়ে নেওয়া হয়। এ ঘটনায় ১ মে দৌলতপুর থানায় তার ভাই আবু সাঈদ বাদী হয়ে ৯ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত আরও কয়েকজনকে আসামি করে মামলা দায়ের করেন।
আপনার মতামত লিখুন :