
বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান মঙ্গলবার (৫ মে) চীন সফরে যাচ্ছেন। চীনের পররাষ্ট্র মন্ত্রণালয় বিষয়টি নিশ্চিত করেছে। বিএনপি সরকার গঠনের পর এটি পররাষ্ট্রমন্ত্রীর প্রথম চীন সফর।
চীনা রাষ্ট্রীয় সংবাদমাধ্যম গ্লোবাল টাইমস-এর এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই-এর আমন্ত্রণে এই সফরে যাচ্ছেন খলিলুর রহমান।
চীনা পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র জানান, ক্ষমতাসীন কমিউনিস্ট পার্টি অব চায়না (সিপিসি)-এর পলিটিক্যাল ব্যুরোর পররাষ্ট্রবিষয়ক কেন্দ্রীয় কমিটির সদস্য হিসেবে ওয়াং ই বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রীকে আমন্ত্রণ জানান। সফরসূচি অনুযায়ী, তিনি ৫ মে থেকে ৭ মে পর্যন্ত চীন সফর করবেন।
বিএনপি সরকার গঠনের পর এটি চীনে দ্বিতীয় উচ্চপর্যায়ের সফর। এর আগে, গত ২০ এপ্রিল চীন সফরে যান বিএনপি মহাসচিব ও স্থানীয় সরকারমন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
এছাড়া এর কয়েক দিন আগে সিপিসির আমন্ত্রণে বিএনপির ১৯ সদস্যের একটি উচ্চপর্যায়ের প্রতিনিধিদলও চীন সফর করে। ধারাবাহিক এসব সফরকে দুই দেশের মধ্যে কূটনৈতিক সম্পর্ক জোরদারের অংশ হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা।
বিশ্লেষকদের মতে, নতুন সরকারের সময়ে চীনের সঙ্গে অর্থনৈতিক ও কৌশলগত সহযোগিতা আরও জোরদার করার লক্ষ্যেই এই সফর গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।
আপনার মতামত লিখুন :