
শাপলা চত্বরের সেই ঘটনাকে কেন্দ্র করে শেখ হাসিনাকে দেশ ছাড়তে হয়ে দিল্লিতে পালিয়ে যেতে হয়েছে বলে মন্তব্য করেছেন ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি নুরুল ইসলাম সাদ্দাম। তিনি দাবি করেন, ২০১৩ সালের ৫ মে গভীর রাতে আলো নিভিয়ে পরিচালিত সহিংসতাই ছিল বাংলাদেশে “ফ্যাসিবাদ কায়েমের প্রথম পদক্ষেপ”।
মঙ্গলবার (৫ মে) রাজধানীর মতিঝিলে শাপলা চত্বর দিবস উপলক্ষে আয়োজিত বিক্ষোভ মিছিল, মানববন্ধন ও সমাবেশে তিনি এসব কথা বলেন। খেলাফত আন্দোলন ও ছাত্রশিবির যৌথভাবে এই কর্মসূচির আয়োজন করে।
নুরুল ইসলাম সাদ্দাম অভিযোগ করে বলেন, ওই রাতে বাংলাদেশকে নেতৃত্বশূন্য ও আলেম-ওলামা শূন্য করার পরিকল্পনার অংশ হিসেবে হামলা চালানো হয়েছিল। তার দাবি অনুযায়ী, প্রায় ১ লাখ ৫৫ হাজার গোলাবারুদ ব্যবহার করা হয় এবং পরবর্তীতে ২৩৯টি বেওয়ারিশ লাশ গুম করা হয়।
তিনি আরও বলেন, এরপর নিরপরাধ আলেমদের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ মামলা দিয়ে কারাগারে নিয়ে গিয়ে নির্যাতন করা হয়েছে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালকে তিনি “আওয়ামী লীগের নাটক” বলে মন্তব্য করেন এবং সেখানে বিচার প্রক্রিয়াকে পক্ষপাতদুষ্ট হিসেবে উল্লেখ করেন। একই সমাবেশে জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল আব্দুল হালিম বলেন, জুলাই গণ-অভ্যুত্থানের মাধ্যমে জনগণের আকাঙ্ক্ষা স্পষ্ট হয়েছে এবং তা বাস্তবায়ন না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে।
খেলাফত আন্দোলনের নেতা মুফতি ফখরুল ইসলাম অভিযোগ করেন, সেদিন রাত আড়াইটার দিকে বাংলাদেশ ব্যাংকের সামনে থেকে হামলা শুরু হয় এবং পরবর্তীতে রক্তমাখা স্থান পরিষ্কার করতে গরম পানি ব্যবহার করা হয়। তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, শাপলা চত্বরের ঘটনার সঙ্গে জড়িতদের পুনর্বাসনের চেষ্টা করা হলে দেশে নতুন করে গণআন্দোলন সৃষ্টি হবে।
এছাড়া শিবিরের ঢাকা মহানগর দক্ষিণ সভাপতি হাফেজ দেলওয়ার হোসেন ১৩ বছর পরও শহীদদের তালিকা ও গেজেট প্রকাশ না হওয়ায় ক্ষোভ প্রকাশ করেন এবং দ্রুত বিচার ও দায়ীদের প্রকাশ্যে শাস্তির দাবি জানান। বক্তারা আরও বলেন, বর্তমান অন্তর্বর্তী সরকারকে নির্দিষ্ট সময়ের মধ্যে শাপলা চত্বর ঘটনার বিচার সম্পন্ন করতে হবে, অন্যথায় রাজপথে আন্দোলন অব্যাহত থাকবে।
উল্লেখ্য, ২০১৩ সালের ৫ মে রাজধানীর মতিঝিলে শাপলা চত্বরে হেফাজতে ইসলাম বাংলাদেশের সমাবেশকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনা ঘটে। সেই সময়ের সহিংসতা নিয়ে দীর্ঘদিন ধরে ভিন্ন ভিন্ন রাজনৈতিক পক্ষ থেকে ভিন্ন ভিন্ন দাবি ও অভিযোগ উঠে আসছে।
আপনার মতামত লিখুন :