ঈদে ট্রেনে ফিরতি যাত্রার টিকিট মিলবে যেদিন থেকে


অনলাইন ডেস্ক প্রকাশের সময় : মে ৫, ২০২৬, ২:৩৪ অপরাহ্ণ
ঈদে ট্রেনে ফিরতি যাত্রার টিকিট মিলবে যেদিন থেকে

আসন্ন ঈদুল আজহা উপলক্ষে ট্রেন যাত্রায় যাত্রীদের সুবিধা নিশ্চিত করতে অগ্রিম টিকিট বিক্রির সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ রেলওয়ে। গত ৩০ এপ্রিল অনুষ্ঠিত এক বৈঠকে এ সিদ্ধান্ত গৃহীত হয়।

রেলওয়ের নির্ধারিত সূচি অনুযায়ী, ঈদের ফিরতি যাত্রার টিকিট বিক্রি শুরু হবে ২১ মে থেকে। ওই দিন পাওয়া যাবে ৩১ মে’র টিকিট। ২২ মে বিক্রি হবে ১ জুনের টিকিট, ২৩ মে পাওয়া যাবে ২ জুনের টিকিট, ২৪ মে বিক্রি হবে ৩ জুনের টিকিট এবং ২৫ মে পাওয়া যাবে ৪ জুনের টিকিট।

নির্দেশনায় বলা হয়েছে, একজন যাত্রী ঈদের অগ্রিম যাত্রা এবং ফিরতি যাত্রার ক্ষেত্রে সর্বোচ্চ একবার করে টিকিট কিনতে পারবেন। প্রতিবার সর্বোচ্চ চারটি টিকিট ক্রয়ের সুযোগ থাকবে।

এছাড়া অগ্রিম ও ফিরতি যাত্রার টিকিট কোনোভাবেই রিফান্ড করা যাবে না বলে জানানো হয়েছে। যাত্রীদের চাপ বিবেচনায় যাত্রার দিন মোট আসনের (উচ্চ শ্রেণি ব্যতীত) ২৫ শতাংশ স্ট্যান্ডিং টিকিট স্টেশন কাউন্টার থেকে বিক্রির ব্যবস্থা রাখা হয়েছে।

রেলওয়ে আরও জানিয়েছে, ফিরতি যাত্রার টিকিট নির্ধারিত সূচি অনুযায়ী প্রতিদিন সকাল ৮টা থেকে ইস্যু করা হবে। ঈদকে কেন্দ্র করে প্রতি বছরই রাজধানীসহ দেশের বিভিন্ন এলাকা থেকে বিপুল সংখ্যক মানুষ নিজ নিজ গন্তব্যে যাত্রা করেন। এ কারণে আগাম টিকিট ব্যবস্থা চালুর মাধ্যমে যাত্রীদের ভোগান্তি কমানো এবং যাত্রা ব্যবস্থাকে শৃঙ্খলিত রাখাই এই উদ্যোগের মূল লক্ষ্য বলে জানিয়েছে রেলওয়ে কর্তৃপক্ষ।