
পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনে বড় ধরনের ভরাডুবির পরও পদত্যাগ না করার ঘোষণা দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি জানিয়েছেন, এই পরাজয়কে তিনি জনমতের স্বাভাবিক প্রতিফলন হিসেবে দেখছেন না এবং রাজনৈতিক লড়াই থেকে সরে দাঁড়ানোর প্রশ্নই আসে না।
মঙ্গলবার (৫ মে) বিকেলে কালীঘাটের নিজ বাসভবনে আয়োজিত নির্বাচন-পরবর্তী সংবাদ সম্মেলনে তিনি এ অবস্থান জানান। মমতা বন্দ্যোপাধ্যায় দাবি করেন, এবারের নির্বাচনে ফলাফল নির্ধারণে নির্বাচন কমিশনের পক্ষপাতিত্ব এবং কেন্দ্রীয় শক্তির “গভীর ষড়যন্ত্র” কাজ করেছে। তার মতে, ভোট প্রক্রিয়ায় অনিয়মের মাধ্যমে ফলাফল প্রভাবিত করা হয়েছে।
সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে পদত্যাগের সম্ভাবনা নিয়ে তিনি সরাসরি প্রশ্ন ছুড়ে দিয়ে বলেন, “কেন পদত্যাগ করব? আমরা তো হারিনি।” তিনি আরও বলেন, এটি একটি সাংবিধানিক প্রতিষ্ঠানের বিরুদ্ধে লড়াই, তাই ইস্তফা দেওয়া মানে অন্যায়ের কাছে মাথা নত করা।
তৃণমূল কংগ্রেসের এই শীর্ষ নেত্রী অভিযোগ করেন, ভারতীয় জনতা পার্টি (বিজেপি) জোরপূর্বক ভোট প্রক্রিয়ায় প্রভাব বিস্তার করে জয় ছিনিয়ে নিয়েছে। এই পরিস্থিতিতেও তিনি রাজপথে রাজনৈতিক লড়াই চালিয়ে যাওয়ার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।
সংবাদ সম্মেলনে মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে দলের শীর্ষ নেতারা উপস্থিত ছিলেন। তাদের মধ্যে ছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, ফিরহাদ হাকিম, ডেরেক ও’ব্রায়েন, শোভনদেব চট্টোপাধ্যায়, কল্যাণ বন্দ্যোপাধ্যায় এবং চন্দ্রিমা ভট্টাচার্য। তারা সবাই দলীয় অবস্থানের প্রতি সংহতি প্রকাশ করেন।
উল্লেখ্য, এবারের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনে ২৯৩টি আসনের মধ্যে ভারতীয় জনতা পার্টি (বিজেপি) ২০৭টি আসনে জয়ী হয়ে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জন করেছে। অন্যদিকে দীর্ঘদিন ক্ষমতায় থাকা তৃণমূল কংগ্রেস মাত্র ৮০টি আসনে জয় পেয়ে বড় ধরনের পরাজয়ের মুখে পড়েছে।
আপনার মতামত লিখুন :