৩০তম বিসিএস পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশনের নতুন কমিটি


অনলাইন ডেস্ক প্রকাশের সময় : মে ৫, ২০২৬, ১:০৮ অপরাহ্ণ
৩০তম বিসিএস পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশনের নতুন কমিটি

দীর্ঘ ১২ বছর পর ৩০তম বিসিএস (পুলিশ) সার্ভিস অ্যাসোসিয়েশনের নতুন কমিটি গঠন করা হয়েছে। এতে সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন মো. জাহিদুল ইসলাম এবং সাধারণ সম্পাদক হয়েছেন এস এম মিজানুর রহমান

সোমবার (৪ মে) এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, ঢাকার পুলিশ অফিসার্স মেসে আয়োজিত এক সভায় সর্বসম্মতিক্রমে এ কমিটি গঠন করা হয়। সভায় ৩০তম বিসিএস (পুলিশ) ব্যাচের আগের কমিটির মেয়াদ শেষ হওয়ায় তা বিলুপ্ত করে নতুন কমিটি গঠনের সিদ্ধান্ত নেওয়া হয়।

নতুন কমিটিতে সিনিয়র সহ-সভাপতি নির্বাচিত হয়েছেন রফিউদ্দীন মোহাম্মদ যোবায়ের। সহ-সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন আহম্মদ আলী, মো. জসীম উদ্দিন, আজমিলা নাসরীন চৌধুরী, মো. রোকনুজ্জামান সরকার এবং আরাফাতুল ইসলাম।

এছাড়া সিনিয়র যুগ্ম-সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন তাসমিন আক্তার। যুগ্ম-সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন হাসিবুল ইসলাম, মো. তরিকুল ইসলাম, মোহাম্মদ আফতাব উদ্দিন, ভাস্কর সাহা এবং মশিউর রহমান মন্ডল।

কমিটিতে সাংগঠনিক সম্পাদক হয়েছেন মো. ফজলুর রহমান। সহ-সাংগঠনিক সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছেন ইয়াসির আরাফাত, ইয়াসীনা ফেরদৌস, মো. কাজী হুমায়ুন রশীদ এবং মো. আবু খায়ের।

এছাড়া অর্থ-সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন মো. সাজ্জাদ হোসেন এবং দপ্তর সম্পাদক হয়েছেন মো. জাকিরুল হাসান। সভায় উপস্থিত সদস্য ও অনলাইনে যুক্ত অন্যান্য সদস্যদের সঙ্গে আলোচনা করে সর্বসম্মতিক্রমে এই কমিটি ঘোষণা করা হয় বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।

নবনির্বাচিত সভাপতি মো. জাহিদুল ইসলাম বলেন, একটি সুন্দর সমাজ প্রতিষ্ঠায় আন্তরিকতার সঙ্গে দায়িত্ব পালনের লক্ষ্য নিয়ে তারা কাজ করবেন। সাধারণ সম্পাদক এস এম মিজানুর রহমান জানান, বাংলাদেশে পুলিশকে মানুষের নিরাপদ আশ্রয়স্থল হিসেবে গড়ে তুলতে তারা বদ্ধপরিকর। সিনিয়র যুগ্ম-সাধারণ সম্পাদক তাসমিন আক্তার বলেন, জনবান্ধব পুলিশ গঠনের সুযোগ কাজে লাগিয়ে নতুন বাংলাদেশ বিনির্মাণে বর্তমান কমিটি সক্রিয় ভূমিকা রাখবে।